
আন্দোলনে নাশকতার আশঙ্কা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘একটি মহল আন্দোলনের মধ্যে নাশকতা তৈরির চেষ্টা করছে। যেকোনও সময় যেকোনও কিছু ঘটে যেতে পারে। তাই প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার।’বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুলিশ ধৈর্য সহকারে বসে আছে। কিছু বলছে না। কিছু একটা হয়ে গেলে এর দায় নিরাপত্তাবাহিনী নিতে পারবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব আন্দোলনে সুবিধাবাদী বা স্বার্থন্বেষী মহলের সম্পৃক্ততা দেখা যায়। আমরা আন্দোলনের বিভিন্ন ভিডিওতে দেখেছি শিবিরের নেতাদের, বিএনপির ছাত্রদলের নেতাদেরও দেখেছি। তাদের নিজেদের মধ্যে যে কথোপকথন, তা-ও আমরা শুনেছি। শুনে আমাদের কাছে মনে হয়েছে তারা এই কোমলমতি শিশুদের দিয়ে একধরনের অপরাধ সংঘটন করিয়ে দিতে পারে। আমরা আরও দেখেছি, স্কুলের ছাত্রদের স্কুল ড্রেস পরে আন্দোলনে সম্পৃক্ত হতে বলা হচ্ছে। ছাত্রদের খাবার দিয়ে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে। এই কোমলমতি ছাত্ররা তাদের সহপাঠী হারানোর বেদনায় সিক্ত হয়ে সহানুভূতি জানাচ্ছে। কিন্তু এটা ভিন্ন দিকে টার্ন নিতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’



