বাংলাদেশরাজনীতি

কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

উচ্চ আদালতের আদেশে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য।

শনিবার দুপুরে আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বগুড়া সদর থানা পুলিশ।

এর আগে শুক্রবার বিকালে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেফতারের পর স্বামী- স্ত্রী দু’জনেই বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান মাহফুজা খানম লিপি। সে অনুযায়ী শুক্রবার বিকালে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

ওসি আরও বলেন, বগুড়া সদর থানায় দায়ের হওয়া অপর একটি হত্যাচেষ্টা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মাহফুজা খানম লিপিকে পুনরায় গ্রেফতার করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension