আন্তর্জাতিকপ্রধান খবর

ভূমিকম্পে ব্যাংকককে ‘ইমার্জেন্সি জোন’ ঘোষণা, নিহত ১

প্রতিবেশী মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংতার্ন সিনাওয়াত্রা রাজধানী ব্যাংকককে ইমার্জেন্সি জোন বা ‘জরুরি অঞ্চল’ ঘোষণা করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ ছাড়া সিএনএন একজন নিহত হওয়ার খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালি ভূমিকম্পের আঘাতে ব্যাংককের চাতুচাক পার্ক এলাকার একটি বড় ভবন ধসে একজন নিহত হয়েছেন। তবে নিহতের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ব্যাংককজুড়ে আরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পায়োংতার্ন সিনাওয়াত্রা ‘তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাংকককে জরুরি অঞ্চল ঘোষণা করার নির্দেশ দিয়েছেন এবং দেশব্যাপী প্রদেশগুলোকে পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জনগণকে সহায়তা দেওয়া সম্ভব হয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী অবিলম্বে ব্যাংককে ফিরে আসছেন এবং জনগণকে উঁচু ভবন এড়িয়ে চলার, কেবল সিঁড়ি ব্যবহার করার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সকল সরকারি সংস্থাকে ব্রিফ করা হয়েছে এবং স্কুলগুলোকে শিশুদের তাড়াতাড়ি বাড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সরকারের তরফ থেকে সতর্ক করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূঅভ্যন্তরের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। প্রথমবার আঘাত হানার কিছু সময় পর আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ানমারে ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট ফাটল দেখা গেছে এবং ভবনের টুকরো খসে পড়েছে।

ভূমিকম্পে মিয়ানমারের ইরাবতী নদীতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে। ৯১ বছরের পুরোনো এই সেতু সাগাইং সেতু নামেও পরিচিত।

এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়ে বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছাদের পুল থেকে পানি গড়িয়ে নিচে পড়েছে।

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন জানায়, ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সেখানে ৪৩ জন নির্মাণশ্রমিক আটকা পড়েছেন। ব্যাংককে কিছু মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension