
৬০ বছর ধরে যে অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরায়েল, থামাতে পারেনি যুক্তরাষ্ট্রও
ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির গোপন বোঝাপড়া চলে আসছে ছয় দশক ধরে। এ সময়ে ইসরায়েল কখনো প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে নীরব থেকেছে। এমনকি একপর্যায়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি থামানোর চেষ্টা করেও সফল হয়নি ওয়াশিংটন।
ষাটের দশকের শুরুতে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে একটি নির্মাণকাজ দেখে সন্দেহ হয়েছিল মার্কিন কূটনীতিকদের। ডেড সি থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে চলমান ওই নির্মাণকাজ সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলি কর্মকর্তা আদি কোহেন তাদের জানিয়েছিলেন, সেখানে একটি ‘বস্ত্র কারখানা’ তৈরি হচ্ছে। অথচ সেখানে নির্মিত হচ্ছিল ডিমোনা পারমাণবিক স্থাপনা। বর্তমানে এটিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন কূটনৈতিক নথিতে ওই ঘটনার বিবরণ উঠে এসেছে। নথিগুলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত রয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় থেকেই ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যে একধরনের কৌশলগত অস্পষ্টতা বজায় রাখার নীতি গড়ে ওঠে।
_1794201824.jpg)
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ফাঁসের দায়ে ১৮ বছর কারাভোগের পর ২০০৪ সালের ২১ এপ্রিল মুক্তি পেয়ে সমর্থকদের অভিবাদন জানান মরদখাই ভানুনু। ছবি: গেটি ইমেজেস
মার্কিন গোয়েন্দারা ডিমোনার প্রকৃত পরিচয় জানতে পারার পর ইসরায়েলে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিড ইসরায়েলি কর্মকর্তা আদি কোহেনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। তবে তত দিনে কয়েক মাস পেরিয়ে গেছে। কোহেন প্রথমে বিষয়টি হালকাভাবে দেখানোর চেষ্টা করেন। কিন্তু তার কথায় ইঙ্গিত ছিল, ওই পারমাণবিক চুল্লি ভবিষ্যতে অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে।
এর পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী কয়েক শ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ঘটনা ধরা পড়ে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ তখন দাবি করেছিলেন, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রেও এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এরপর থেকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের বিষয়টি আন্তর্জাতিক মহলে অনেকটা ‘সবার জানা, কিন্তু আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা’ তথ্যে পরিণত হয়। ইসরায়েল কখনো পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থেকেছে।
_1794201882.jpg)
১৯৭৩ সালের ১ মার্চ হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। ছবি – হোয়াইট হাউস ফটো অফিস
ইসরায়েলি-মার্কিন ইতিহাসবিদ আভনার কোহেনের ভাষায়, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্বের ‘সবচেয়ে খারাপভাবে গোপন রাখা গোপন তথ্য’ হয়ে উঠেছে।
কেন এই গোপনীয়তা
বিশেষজ্ঞদের মতে, শীতল যুদ্ধের সময় এ গোপনীয়তার নীতি গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-দুই দেশই আশঙ্কা করেছিল, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা হলে সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিতে পারে। অন্যদিকে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করলে কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে ইসরায়েল।
১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের ধারণা ছিল, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে।
১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পাঠানো এক স্মারকে কিসিঞ্জার ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই স্মারকের সঙ্গে যুক্ত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে কোনো পক্ষের ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা বেড়ে যেতে পারে। এর পরিপ্রেক্ষিতে নিক্সন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিলেন।
_1794201941.jpg)
১৯৭৪ সালের ২৮ ডিসেম্বর স্যাটেলাইটে তোলা ছবিতে ইসরায়েলের নেগেভ পারমাণবিক গবেষণাকেন্দ্র। ধারণা করা হয়, দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে স্থাপনাটির সংশ্লিষ্টতা রয়েছে।
কিন্তু ইসরায়েলকে থামানো সহজ ছিল না। পারমাণবিক কর্মসূচি গোপন রেখে অস্ত্র সরবরাহ বন্ধ করলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারত। আবার কর্মসূচির বিষয়টি প্রকাশ্যে আনলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলতে পারত।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি গ্রহণ করে। অন্যদিকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।
কিসিঞ্জার তার স্মারকে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল-ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি যেন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।
ইসরায়েলি ইতিহাসবিদ আভনার কোহেনের ধারণা, ১৯৬৯ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে নিক্সন ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একান্ত বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। ওই বৈঠকের কোনো লিখিত নথি পাওয়া যায়নি। তবে পরে নিক্সনকে পাঠানো কিসিঞ্জারের একটি স্মারকে বৈঠকের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছিল, নিক্সনের মূল উদ্বেগ ছিল, ইসরায়েল যেন প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের ঘোষণা না দেয় কিংবা পারমাণবিক পরীক্ষা না চালায়।
ওই বৈঠকের পর ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ কার্যত বন্ধ হয়ে যায়।
গোপন কর্মসূচির তথ্য প্রকাশ
১৯৭০-এর দশকে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন এবং সরকারি পর্যায়ে অসাবধানতাবশত প্রকাশিত কিছু তথ্য থেকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি আরও স্পষ্ট হতে থাকে। তবে ১৯৮৬ সালে এ নিয়ে আন্তর্জাতিক মহলের সন্দেহ অনেকটাই দূর হয়।
ওই বছর ডিমোনা স্থাপনার সাবেক রিঅ্যাক্টর টেকনিশিয়ান মরদখাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেন। গোপনে গড়ে তোলা স্থাপনাটির কিছু ছবিও তিনি যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমসের হাতে তুলে দেন।
প্রতিবেদনটি প্রকাশের আগে মোসাদের এক এজেন্ট কৌশলে ভানুনুকে ইতালির রোমে নিয়ে যান। সেখানে তাকে অচেতন করে ইসরায়েলি গোয়েন্দারা আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষমাণ একটি গোপন কার্গো জাহাজে তুলে দেন। পরে তাকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ১৯৯৯ সালে প্রকাশিত এক বইয়ে এ ঘটনার বিবরণ দেন সানডে টাইমসের অনুসন্ধানী প্রতিবেদক পিটার হুনাম।
_1794201973.jpg)
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ফাঁসকারী ও দেশটির সাবেক পারমাণবিক প্রযুক্তিবিদ মরদখাই ভানুনু। ছবি – এপি
রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ভানুনুকে ইসরায়েলের কারাগারে ১৮ বছর কাটাতে হয়। এর বড় একটি সময় তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল।
শীতল যুদ্ধের অবসানের পর ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনীয়তা বজায় রাখার পেছনে থাকা আগের যুক্তিগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তবে গোপনীয়তার নীতি বহাল থাকে। ২০১৮ সালে দ্য নিউইয়র্কারের এক প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির পরিবর্তনে উদ্বিগ্ন হয়ে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত আশ্বাস চেয়েছিলেন। ওই আশ্বাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে বলবে না বলে জানানো হয়।
২০১৮ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি তা অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি।
অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের (এনটিআই) হিসাব অনুযায়ী, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডারে প্রায় ৯০টি ওয়ারহেড রয়েছে।
যুক্তরাষ্ট্রের নীতিতে চাপ
দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নীরবতার নীতি এখন চাপের মুখে পড়ছে। ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা এবং বিভিন্ন অধিকার সংগঠন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।
গত জুনে কংগ্রেসের এক উন্মুক্ত শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করেন প্রতিনিধি পরিষদের সদস্য হোয়াকিন কাস্ত্রো। জবাবে রুবিও বলেন, বিশ্বের বেশির ভাগ দেশই মনে করে, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল-কেউই কখনো প্রকাশ্যে তা স্বীকার করেনি। বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় না।
কাস্ত্রো পরে সিএনএনকে বলেন, ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো অত্যন্ত বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের সীমারেখা কোথায়, তা যুক্তরাষ্ট্র জানে না। এমনকি এসব অস্ত্র ব্যবহার করা হলে কিংবা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের কী ধরনের জরুরি পরিকল্পনা রয়েছে, সেটিও স্পষ্ট নয়।
ইসরায়েলের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থনেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য, ইসরায়েলের এখন আর এ সহায়তার প্রয়োজন নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র অবশ্য বলেছেন, নির্দিষ্ট অস্ত্রব্যবস্থা ও সামরিক অবস্থানসংক্রান্ত প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করাই তাদের দীর্ঘদিনের নীতি। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে সিএনএনের পাঠানো প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বললেও সেখান থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে নতুন পারমাণবিক প্রতিযোগিতার আশঙ্কা
বিশেষজ্ঞদের আশঙ্কা, ইসরায়েল প্রকাশ্যে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ ঘোষণা করলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় নামতে পারে।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ বলেন, ইসরায়েল যদি প্রকাশ্যে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেদের ঘোষণা করে, তবে তা এ অঞ্চলের অন্য দেশগুলোর ওপর চাপ বাড়াবে। তারাও একই পথে হাঁটতে চাইবে। মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নীতির জন্য ভালো হবে না।
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলে গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, এ যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর চেষ্টা ব্যর্থ হতে পারে।
_1794202077.jpg)
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় ৪০৮ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ ইউরেনিয়াম ধ্বংস করা ছিল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। এর বড় একটি অংশ গত বছর মার্কিন বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক বিশেষজ্ঞ জেমস অ্যাক্টন সিএনএনকে বলেন, আগামী তিন বছরের মধ্যে ইরানের পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা ৫০ শতাংশ বলে তিনি মনে করেন।
অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাধিকবার বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও পারমাণবিক অস্ত্র তৈরি করবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসে পর্যালোচনা চলছে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এ চুক্তির আওতায় সৌদি আরব নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে।
এদিকে ইসরায়েল নিজেদের পারমাণবিক অস্ত্রের বিষয়ে নীরবতা বজায় রাখলেও ইরান ও সৌদি আরবের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে পড়লে এ অঞ্চলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে।



