
কানাডার নতুন নাগরিকত্ব আইনে অভিবাসন জটিলতা
বংশসূত্রে নাগরিকত্বের সম্ভাবনায় স্থগিত কিছু PR আবেদন, নাগরিকত্ব সনদের অপেক্ষা ৩৪ মাস, অনিশ্চয়তায় আবেদনকারী ও তাঁদের পরিবার
হোসনেআরা চৌধুরী | ৫ নভেম্বর ২০২৬
কানাডার নতুন নাগরিকত্ব আইন Bill C-3 কার্যকর হওয়ার পর কিছু স্থায়ী বসবাসের (Permanent Residence বা PR) আবেদন প্রক্রিয়াকরণে নতুন জটিলতা তৈরি হয়েছে। কানাডীয় বংশসূত্রে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট কিছু আবেদনকারীর PR আবেদন সাময়িকভাবে স্থগিত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ।
CBC News-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, Immigration, Refugees and Citizenship Canada (IRCC) এমন কিছু আবেদন পর্যালোচনার জন্য আটকে রেখেছে, যাঁদের কানাডীয় পূর্বপুরুষের সূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা থাকতে পারে। তবে এ পর্যন্ত কতজন আবেদনকারী এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা নিশ্চিত করেনি বিভাগটি।
কেন স্থগিত হচ্ছে PR আবেদন?
CBC-এর প্রতিবেদনে মেইন অঙ্গরাজ্যের মিশেল পটিয়ের ও তাঁর স্ত্রী লিন্ডসে জেড হিগিন্সের ঘটনা তুলে ধরা হয়েছে। তাঁরা যুক্তরাষ্ট্র থেকে কানাডার হ্যালিফ্যাক্সে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছিলেন।
স্বামীর মাধ্যমে স্পাউসাল স্পনসরশিপে PR-এর আবেদন করেন হিগিন্স। পরে পারিবারিক বংশলতিকা অনুসন্ধান করতে গিয়ে তাঁর কানাডীয় প্রপিতামহীর সন্ধান পাওয়া যায়। এরপর তাঁরা বংশসূত্রে কানাডীয় নাগরিকত্বের জন্যও আবেদন করেন।
এরপর নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর PR আবেদন স্থগিত হয়ে যায়। স্বামী কানাডায় কাজ শুরু করতে পারলেও স্ত্রীকে যুক্তরাষ্ট্রে অপেক্ষা করতে হচ্ছে।
নাগরিকত্ব সনদ পেতে অপেক্ষা ৩৪ মাস
CBC-এর প্রতিবেদন অনুযায়ী, কানাডার বাইরে থেকে স্পাউসাল স্পনসরশিপের মাধ্যমে PR পেতে আনুমানিক ১৮ মাস সময় লাগতে পারে। অন্যদিকে, নাগরিকত্বের সনদ পেতে অপেক্ষার সময় প্রায় ৩৪ মাস।
IRCC-এর অবস্থান অনুযায়ী, একজন ব্যক্তি একই সময়ে স্থায়ী বাসিন্দা ও কানাডার নাগরিক—দুই মর্যাদায় থাকতে পারেন না। নাগরিকত্ব নিশ্চিত হলে সংশ্লিষ্ট PR আবেদন প্রত্যাহার করা হয়েছে বলে বিবেচিত হবে। আর নাগরিকত্বের যোগ্যতা নিশ্চিত না হলে PR আবেদনটি পুনরায় প্রক্রিয়াকরণ শুরু হবে।
সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যার দাবি
অভিবাসন আইনজীবীদের মতে, বংশসূত্রে নাগরিকত্বের আবেদন এবং একই সঙ্গে PR প্রক্রিয়া চালু রাখার ক্ষেত্রে আবেদনকারীদের জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনার প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, বিরোধী দল এনডিপির অভিবাসনবিষয়ক সমালোচক জেনি কোয়ান সরকারের কাছে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।
আবেদনকারীদের জন্য সতর্কবার্তা
উল্লেখ্য, Bill C-3-এর কারণে কানাডার সব PR আবেদন স্থগিত করা হয়নি। যাঁদের বংশসূত্রে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে PR আবেদন চলমান, মূলত তাঁদের কিছু আবেদন এই জটিলতার মুখে পড়েছে।
তাই আবেদনকারীদের নিজস্ব পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনে অভিজ্ঞ কানাডীয় অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: CBC News | Elizabeth Thompson | ৫ নভেম্বর ২০২৬



