
৫০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘ধার্মান’-এ যুক্ত হলেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। এই প্রথম পর্দায় ‘থালাইভা’ রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
পর্দায় তাদের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীলীলাকে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করে খবরটি নিশ্চিত করা হয়েছে।
অশ্বথ মারিমুথু পরিচালিত এই ছবিতে রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খন্না। এই ছবির মাধ্যমে পরিচালক অশ্বথের সঙ্গেও প্রথমবার কাজ করছেন রজনীকান্ত।
ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
প্রকাশিত প্রথম প্রচার ঝলকেই রজনীকান্তের চরিত্রটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে তাকে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে নির্মাতারা তাঁর চরিত্রের বর্ণনায় ‘কেট্টা পৈয়ন’ (যার অর্থ ‘খারাপ মানুষ’) শব্দবন্ধ ব্যবহার করায় অনুরাগী ও সমালোচকদের ধারণা, চরিত্রটিতে কিছুটা নেতিবাচক বা ধূসর দিক রয়েছে।
অনেকেই ১৯৭৮ সালের কালজয়ী ছবি ‘মুলম মলারুম’-এ রজনীকান্তের চরিত্রটির সঙ্গে নতুন এই রূপের মিল খুঁজে পাচ্ছেন।
চলতি বছরেই ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমা জগতে পা রাখেন শ্রীলীলা। এরপর থেকেই তিনি একের পর এক বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন। ধনুষ ও মামুট্টির ‘ওম’ এবং অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
বর্তমানে ‘ধর্মন’ ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে।
আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা না করা হলেও, নির্মাতারা ২০২৭ সালের এপ্রিল মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন।



