
শাহ্ জে. চৌধুরী :
ড্রামের ছন্দে দীর্ঘদিনের সাধনা ও অসামান্য দক্ষতার স্বীকৃতি পেলেন জনপ্রিয় যন্ত্রশিল্পী মোহাম্মদ শাহাদাত ওসমান (ডি. কিউ. মিথুন)। নিউইয়র্কে জমকালো এক সঙ্গীত সন্ধ্যায় তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ‘North America’s Best Drummer Award’।
৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ডি. কিউ. মিথুনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। প্রবাসী সংগঠন ‘দ্য বিউটিফুল লেডিজ অব ইউএসএ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের সিইও মোহাম্মদ জাহিদ আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাদিয়া চৌধুরী ও সিলভী আকন্দ।
সঙ্গীতানুষ্ঠানের এক পর্যায়ে জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা এবং আয়োজকবৃন্দ মঞ্চে ডি. কিউ. মিথুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।
আয়োজকদের দেওয়া সম্মাননায় ডি. কিউ. মিথুনের বাদ্যযন্ত্রে অসামান্য প্রতিভা, রিদমের ওপর দক্ষ নিয়ন্ত্রণ, সৃজনশীলতা এবং সঙ্গীতের প্রতি গভীর নিষ্ঠার প্রশংসা করা হয়। প্রবাসের মাটিতে নিয়মিত ড্রামিংয়ের মাধ্যমে সঙ্গীত পরিবেশনাকে প্রাণবন্ত করে তোলা এবং শ্রোতাদের মুগ্ধ করার অবদানও এ স্বীকৃতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
পুরস্কার গ্রহণের পর ডি. কিউ. মিথুন বলেন, “সঙ্গীত আমার দীর্ঘদিনের সাধনা ও ভালোবাসার জায়গা। প্রবাসের ব্যস্ত জীবনেও ড্রামের ছন্দে শ্রোতাদের আনন্দ দিতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা।”
তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং সঙ্গীতের প্রতি দায়বদ্ধতা নতুন করে শক্তিশালী করেছে। এ সম্মাননার জন্য তিনি আয়োজক সংগঠন, সহশিল্পী এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনে ডি. কিউ. মিথুনের এ অর্জনকে সঙ্গীতচর্চা ও বাংলাদেশি শিল্পীদের প্রবাসী মঞ্চে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



