
কুইন্সে গুলিতে আহত দুই কিশোর, একজনের বয়স ১৪
করোনায় রাতের বন্দুক হামলা • হাসপাতালে চিকিৎসাধীন দুই কিশোর, শঙ্কামুক্ত হওয়ার প্রত্যাশা পুলিশের
শাহ্ জে. চৌধুরী । নিউইয়র্ক | ২০ নভেম্বর ২০২৬
নিউইয়র্কের কুইন্সের করোনা এলাকায় বন্দুক হামলায় ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার কিছু আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ABC7-এর প্রতিবেদন অনুযায়ী, করোনা এলাকার ১০৮-১০ ৪১তম অ্যাভিনিউয়ের কাছে, ১০৮তম ও ১১১তম স্ট্রিটের মধ্যবর্তী স্থানে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১৪ বছর বয়সী কিশোরের পেটে গুলি লাগে। অন্যদিকে, ১৫ বছর বয়সী কিশোরের ডান হাত ও পায়ে গুলি লাগে। আহত দুজনকে দ্রুত এলমহার্স্ট হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের প্রত্যাশা, তারা দুজনই প্রাণে বেঁচে যাবে।
সিবিএস নিউইয়র্কের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় জড়িত সন্দেহে কালো পোশাক পরা তিন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কিশোরদের লক্ষ্য করে এ হামলার উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
কুইন্সের জনবহুল এলাকায় কিশোরদের ওপর এমন বন্দুক হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।



