
প্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রথমবারের মতো কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত করার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন বিচারকরা। খবর এপির।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের ১৫ বিচারকের বেঞ্চ ৯-৬ ভোটে এই রায় দেন। আদালতের প্রেসিডেন্ট বিচারক আইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেয়ার বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে দেশটি।
আদালত বলেছে, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করা হয়েছে এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপরও হামলা হয়েছে। রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করার বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
রোহিঙ্গা: রায় ন্যায়বিচারের প্রত্যাশা বাড়াবে, ফিরে যাওয়ার পথ এখনো কঠিন
রায়ে মিয়ানমারকে গণহত্যায় জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার এবং যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী সময়ে নির্ধারণ করবেন আদালত।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। ২০১৭ সালে সামরিক অভিযানের সময় ব্যাপক হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগে দেশটির বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
আদালতের রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নে সরাসরি বলপ্রয়োগের ক্ষমতা আইসিজের নেই। ফলে মিয়ানমার কতটা নির্দেশনা মেনে চলে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।



