জাতিসংঘআন্তর্জাতিক

পানিকে অস্ত্র বানিয়ে ২৪ কোটি মানুষকে জিম্মি করতে পারে না ভারত, জাতিসংঘে পাকিস্তান

সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত রাখার ভারতের একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তারা সতর্ক করে জানায়, অভিন্ন পানিসম্পদকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে আঞ্চলিক শান্তি হুমকির মুখে পড়তে পারে। এতে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা ঝুঁকির মধ্যে পড়বে। এ খবর দিয়েছে জিও নিউজ।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য দেন জাতিসংঘে পাকিস্তানের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন। তিনি জানান, একতরফাভাবে চুক্তি স্থগিত করে এবং পানি প্রবাহ বন্ধের হুমকি দিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ ২৪ কোটিরও বেশি মানুষের জীবিকা ও কল্যাণকে বিপন্ন করে তুলেছে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে।রাজনৈতিক সংবাদ

জাদুন আরও জানান, স্থায়ী সালিসি আদালত ২০২৬ সালের ৩১ আগস্টের রায়ে পুনর্ব্যক্ত করেছে যে চুক্তিটি সম্পূর্ণরূপে বহাল রয়েছে এবং ভারত এর বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য। তিনি জানান, আন্তর্জাতিক আইন এবং বাধ্যতামূলক চুক্তির শর্ত লঙ্ঘন করে কোনো দেশকে অভিন্ন প্রাকৃতিক সম্পদকে জবরদস্তি বা রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেয়া উচিত নয়।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২৬ জন নিহত হওয়ার পর ২০২৫ সালের এপ্রিলে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এই হামলায় ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ তোলে ভারত, যা পাকিস্তান অস্বীকার করে। সেই বিরোধের জেরেই পাকিস্তানি দূত এই মন্তব্য করলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে পূর্বাঞ্চলীয় নদী রাভি, বিয়াস ও শতদ্রুর পানি ভারতকে এবং পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের পানি মূলত পাকিস্তানকে বরাদ্দ দেয়া হয়েছে। এই চুক্তিতে কোনো দেশের একতরফাভাবে চুক্তি স্থগিত বা বাতিল করার কোনো বিধান নেই।

জাদুন জোর দিয়ে জানান, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। বিশেষ করে পানির মতো আন্তঃসীমান্ত অভিন্ন সম্পদের ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭৮৮ নম্বর প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি জাতিসংঘ সনদের ৩৩ নম্বর অনুচ্ছেদের অধীনে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension