
তুষারঢাকা রিসোর্টে কিমের রাজকীয় অবকাশ, স্কিতে ব্যস্ত মেয়ের ছবি ভাইরাল
তুষারঢাকা স্কি রিসোর্টে রাজকীয় সিংহাসনসদৃশ চেয়ারে বসে অবকাশ কাটাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অন্যদিকে, তার মেয়ে কিম জু আয়ে স্কি করে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামছেন। বাবা-মেয়ের এমন ব্যতিক্রমী অবকাশযাপনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রকাশিত ছবিতে দেখা যায়, সানগ্লাস ও ফরমাল জুতা পরা কিম জং উন নকশা করা সুসজ্জিত একটি চেয়ারে বসে আছেন। এ সময় তার হাতে জ্বলন্ত সিগারেটও দেখা যায়। অন্যদিকে, সাদা পোশাকে স্কি করতে দেখা যায় তার মেয়ে কিম জু আয়েকে। রিসোর্টের আশপাশে দেশটির বিভিন্ন কর্মকর্তার উপস্থিতিও ছবিতে ধরা পড়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বাবার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জনসম্মুখের অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে কিম জু আয়েকে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, তাকে কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরাধিকার পরিকল্পনার কথা জানানো হয়নি।
এদিকে, কিমের পারিবারিক অবকাশযাপনের ছবি প্রকাশের মধ্যেই তাকে নিয়ে নতুন কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে কিম জং উনও আকস্মিকভাবে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে কিম জং উনও থাকতে পারেন। তিনি আসতে পারেন, তবে আমি জানি না। বিষয়টি প্রেসিডেন্ট শির ওপর নির্ভর করছে।’
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে ট্রাম্প আগ্রহী। তবে এ নিয়ে এখনো কোনো আলোচনা বা বৈঠক চূড়ান্ত হয়নি।
ফিলিপাইনে সাংবাদিকদের রুবিও বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো তাদের সঙ্গে আলোচনায় বসা।’
তবে শেষ পর্যন্ত কিম জং উনের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।



