আন্তর্জাতিক

স্ত্রীর পরকীয়া পুঁজি করে ১ লাখ কোটি টাকার মালিক চীনা স্বামী

একদিকে চীনে হাজার হাজার কোটি টাকার ডেটা সেন্টার ব্যবসা গড়ে তোলার উদ্যোগ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার উন্নত চিপ পাওয়ার তৎপরতা। স্বামী-স্ত্রীর ব্যবসায়িক কর্মকাণ্ড ঘিরে সামনে এসেছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিযোগিতার এক চাঞ্চল্যকর অধ্যায়। চীনা ব্যবসায়ী ক্যাং ওয়েইয়ের স্ত্রী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্যাং ওয়েইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করা হয় প্রায় ৯০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। এসব প্রকল্পে চীনা সরকারের আর্থিক ও অবকাঠামোগত সহায়তা ছিল। অন্যদিকে, তার স্ত্রী অ্যালিস হুয়াং এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখেন।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্যাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসার মূল ভিত্তি সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির মাধ্যমে এ ব্যবসার সম্প্রসারণ শুরু হয়। এতে সাংহাইয়ের স্থানীয় সরকারি একটি সংস্থার ১০ শতাংশ এবং ক্যাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটাল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ২৭ শতাংশ মালিকানা ছিল। বাকি ৬৩ শতাংশের মালিক ছিল সেঞ্চুরি হুয়াটং।

২০২২ সালের শুরুতে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে সেঞ্চুরি লংটেং। এর আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো ও কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এরপর দেশটির বিভিন্ন অঞ্চলে বড় বড় ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ সামনে আসে।

এর মধ্যে চীনের উহু শহরে ৪৫০ কোটি ডলারের প্রকল্প ছিল অন্যতম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৬ হাজার ১৩৮ কোটি টাকা। প্রায় ৪১ লাখ বর্গফুট এলাকাজুড়ে আটটি ভবন নির্মাণ এবং ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের পরিকল্পনা ছিল প্রকল্পটিতে। চীনা সরকারের পক্ষ থেকে এতে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬২ হাজার ৩৭৫ কোটি টাকা। শেনজেনেও সেঞ্চুরি লংটেং-সংশ্লিষ্ট আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে।

এনভিডিয়ার চিপ পেতে স্ত্রীর তৎপরতা

স্বামীর ডেটা সেন্টার ব্যবসা যখন চীনে বিস্তৃত হচ্ছিল, তখন এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে তৎপর ছিলেন অ্যালিস হুয়াং। তিনি মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে অ্যালিস এনভিডিয়াকে জানান, চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা মেগাস্পিডের বড় গ্রাহক হতে পারে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ক্লাউড পার্টনারের স্বীকৃতি পায়। এতে উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের ক্ষেত্রে মেগাস্পিডের জন্য অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয়।

এদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিতর্ক দেখা দেয়। প্রতিবেদনে তাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে এই সম্পর্কের কারণেই চিপ সংগ্রহের সুবিধা পাওয়া গেছে, এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তের মুখে মেগাস্পিড, আটক ক্যাং

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনাকাটায় মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে সিঙ্গাপুরে মেগাস্পিড ও প্রতিষ্ঠানটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা অপরাধের পর্যাপ্ত প্রমাণ না পেলেও অ্যালিস হুয়াংকে সতর্ক করা হয় এবং সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন ক্যাং ওয়েই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অ্যালিস ও ক্যাং সাংহাই এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করেন। তিন বছরে বিনিয়োগ তিন গুণ করার সম্ভাবনার কথাও তারা তুলে ধরেছিলেন।

তবে ক্যাংয়ের ডেটা সেন্টার প্রকল্পে চীনা সরকারের সহায়তা এবং অ্যালিসের এনভিডিয়ার চিপ সংগ্রহের উদ্যোগের মধ্যে কোনো সমন্বিত সরকারি পরিকল্পনা ছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে এনভিডিয়ার চিপগুলো ক্যাংয়ের ডেটা সেন্টারে ব্যবহৃত হয়েছে, এমন তথ্যও নিশ্চিত নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension