
কুয়েতে স্বর্ণের দামে ধস, দোকানে প্রবাসীদের উপচে পড়া ভিড়
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের প্রভাব পড়েছে কুয়েতের বাজারেও। দীর্ঘদিন পর প্রতি গ্রামে দুই দিনারের বেশি দাম কমায় স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতারা কম দামে স্বর্ণ কেনার সুযোগ নিতে ছুটছেন দোকানে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও বিক্রির চাপ ও কম দামে স্বর্ণ বিক্রি নিয়ে ভিন্ন পরিস্থিতিতে পড়েছেন ব্যবসায়ীরা।
দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের উচ্চমূল্যের কারণে নতুন করে স্বর্ণ কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন অনেক প্রবাসী। সাম্প্রতিক দরপতনে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। কুয়েতের স্বর্ণবাজারেও বেড়েছে কেনাকাটার আগ্রহ।
গত সপ্তাহে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় ৩৮ দিনার থাকলেও শুক্রবার (১৩ নভেম্বর) তা কমে ৩৬ দিনারের নিচে নেমে আসে। ফলে প্রতি গ্রামে দাম কমেছে দুই দিনারের বেশি।
দাম কমার খবর ছড়িয়ে পড়ার পর কুয়েতের বিভিন্ন স্বর্ণের দোকানে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতারা তুলনামূলক কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগাচ্ছেন। দীর্ঘদিন পর স্বর্ণের দাম কিছুটা নাগালে আসায় সন্তোষ প্রকাশ করছেন তারা।
অন্যদিকে, দাম কমায় ব্যবসায়ীদেরও সামলাতে হচ্ছে নতুন পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমাতে হচ্ছে তাদের। এতে আগে বেশি দামে কেনা স্বর্ণ এখন তুলনামূলক কম দামে বিক্রি করতে হচ্ছে। ফলে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
তবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই প্রতিদিন স্বর্ণের দাম নির্ধারণ ও ব্যবসা পরিচালনা করতে হয়। তাই বিশ্ববাজারে দরপতন হলে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ে।
বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে কুয়েতের স্বর্ণবাজারেও দামের পরিবর্তন অব্যাহত রয়েছে। দরপতনে ক্রেতাদের আগ্রহ বাড়লেও ব্যবসায়ীরা নজর রাখছেন আন্তর্জাতিক বাজারের পরবর্তী গতিপ্রকৃতির দিকে। স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে—তা নিয়েই এখন অপেক্ষা ক্রেতা-বিক্রেতা উভয়ের।



