যুক্তরাষ্ট্র

গলফের নেশায় মত্ত ট্রাম্প, মাশুল গুনছেন মার্কিন করদাতারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শখের তালিকায় গলফ অন্যতম। অবসর পেলেই গলফ ক্লাবে ছুটে যান তিনি। কখনো ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ, কখনো নিউ জার্সির বেডমিনস্টার, আবার কখনো স্কটল্যান্ডের নিজস্ব গলফ রিসোর্টে দেখা যায় তাকে। কিন্তু প্রেসিডেন্টের এই শখের মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের। তার গলফ খেলার পেছনে যাতায়াত ও নিরাপত্তা খরচ বাবদ দ্বিতীয় মেয়াদে এরই মধ্যে (২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত) অন্তত ১০ কোটি ১ লাখ ২০ হাজার ডলার ব্যয় হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হাফপোস্টের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের গলফ খেলার পেছনে এ পর্যন্ত যে অর্থ ব্যয় হয়েছে, তা তার প্রথম মেয়াদের মোট ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ। বর্তমান গতিতে চলতে থাকলে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই এ ব্যয় ৩০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

প্রেসিডেন্টের শখ, খরচ জনগণের

ট্রাম্পের গলফ খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াশিংটনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকসের (ক্রু) প্রতিনিধি জর্ডান লিবোভিটজ।

তিনি বলেন, ‘এমন এক সময়ে যখন জ্বালানির দাম বাড়ছে এবং যুক্তরাষ্ট্রজুড়ে সাধারণ মানুষ ক্রমেই ভয়াবহ জীবনযাত্রার ব্যয়সংকটে পড়ছেন, তখন প্রেসিডেন্ট নিজের গলফ ক্লাবে প্রচারণামূলক উপস্থিতি এবং কোটিপতি ও শতকোটিপতিদের সঙ্গে সময় কাটাতে করদাতাদের ১০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছেন।’

তিনি আরও বলেন, ‘সংগ্রামরত মার্কিন নাগরিকদের সহায়তা করাই যদি তার লক্ষ্য হতো, তাহলে একটি কাজ করতে পারতেন—জনগণের অর্থ খরচ করে নিজের গলফ ক্লাবে যাওয়া বন্ধ করতে পারতেন।’

প্রথম মেয়াদে দুই বছরেই খরচ ১০ কোটি ডলার

ট্রাম্পের প্রথম মেয়াদের হিসাবও কম চমকপ্রদ নয়। তখন করদাতাদের অর্থে গলফ খেলতে ১০ কোটি ডলার ব্যয়ের সীমা অতিক্রম করতে তার পুরো দুই বছর লেগেছিল।

প্রথম মেয়াদে নিজের গলফ কোর্সগুলোতে মোট ২৯৩ দিন খেলেছেন তিনি। এ জন্য করদাতাদের ব্যয় হয়েছিল ১৫ কোটি ১৫ লাখ ডলার।

হাফপোস্ট ট্রাম্পের গলফ সফরের পরিবহণ ও নিরাপত্তা ব্যয়ের হিসাব তৈরি করতে তার প্রথম মেয়াদে কংগ্রেসে জমা দেওয়া একটি প্রতিবেদনকে ভিত্তি হিসেবে নিয়েছে। ২০১৯ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিসের (জিএও) নিরীক্ষা প্রতিবেদনেও এসব ব্যয়ের বিস্তারিত তুলে ধরা হয়েছিল।

মার-এ-লাগো সফরেই সবচেয়ে বেশি খরচ

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের গলফ সফরের অন্যতম প্রধান গন্তব্য ফ্লোরিডার পাম বিচে অবস্থিত তার ব্যক্তিগত আবাস ও অভিজাত ক্লাব মার-এ-লাগো।

এ পর্যন্ত (২৬ সালের মার্চ মাস) তিনি শুধু মার-এ-লাগোতে যাওয়ার জন্য ১৭টি সফর করেছেন। এ ছাড়া অন্তত একটি অতিরিক্ত গন্তব্য অন্তর্ভুক্ত ছিল—এমন আরও সাতটি সফর করেছেন সেখানে।

তবে নিয়মিত গলফ খেলার গন্তব্যগুলোর মধ্যে মার-এ-লাগো সফরেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়। প্রতিবার সেখানে যেতে খরচ হয় প্রায় ৩৪ লাখ ডলার।

এর প্রধান কারণ পাম বিচ উপকূলে আটলান্টিক মহাসাগর এবং মূল ভূখণ্ড ও উপকূলীয় দ্বীপের মাঝখানের ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়ে—দুই জায়গাতেই বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হয়।

ট্রাম্প সেখানে অবস্থান করলে উপকূলে মোতায়েন থাকে কোস্টগার্ডের একটি জাহাজ। পাশাপাশি ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়েতে বন্দুকসজ্জিত ছোট ছোট আইনশৃঙ্খলা রক্ষাকারী নৌযান টহল দেয়।

বেডমিনস্টার ও ডোরাল সফরেও কোটি কোটি ডলার

ফ্লোরিডার বাইরে নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ কোর্সে দ্বিতীয় মেয়াদে আটবার গেছেন ট্রাম্প। প্রতিটি সফরে খরচ হয়েছে প্রায় ১১ লাখ ডলার।

অন্যদিকে ফ্লোরিডার ডোরাল রিসোর্টে পাঁচবার গেছেন তিনি। প্রতিবারের সফরে ব্যয় হয়েছে প্রায় ২৭ লাখ ডলার।

তবে এখন পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে ব্যয়বহুল সফর ছিল স্কটল্যান্ডে। গত গ্রীষ্মে দেশটিতে নিজের দুটি রিসোর্টে সফরে তার খরচ হয়েছে প্রায় ৯৭ লাখ ডলার।

ওই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল অ্যাবারডিনে তার মালিকানাধীন নতুন গলফ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া। এটি ছিল তার মুনাফাভিত্তিক ব্যক্তিগত ব্যবসার একটি আয়োজন। অথচ হোয়াইট হাউসের সরকারি কর্মীরাও অনুষ্ঠানটির প্রচারে সহায়তা করেছিলেন।

গলফ খেলার সময়কে বলা হচ্ছে ‘এক্সিকিউটিভ টাইম’

ট্রাম্পের গলফ খেলা নিয়ে বিতর্কের মধ্যেই হোয়াইট হাউস তার গলফ সফরগুলোকে ‘এক্সিকিউটিভ টাইম’ বা ‘প্রেসিডেন্টের দাপ্তরিক সময়’ হিসেবে উল্লেখ করতে শুরু করেছে। তার প্রকাশ্য কর্মসূচির তালিকায়ও প্রায় প্রতিদিন এই শব্দবন্ধ দেখা যাচ্ছে।

এর অর্থ কি এসব সময়ে ট্রাম্প কোনো না কোনো অবসর বিনোদনে অংশ নেন—এমন প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের প্রেস অফিস একটি স্বাক্ষরবিহীন বিবৃতিতে জানায়, ‘এক্সিকিউটিভ টাইম বলতে এক্সিকিউটিভ টাইমকেই বোঝায়।’

তবে এ ব্যাখ্যায় তার গলফ খেলার সময়কে দাপ্তরিক কাজ হিসেবে দেখানো হচ্ছে কি না, তা স্পষ্ট হয়নি।

নিরাপত্তা ও যাতায়াতেই বিপুল ব্যয়

হাফপোস্টের বিশ্লেষণ মূলত জিএওর ২০১৯ সালের প্রতিবেদনভিত্তিক। ওই প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালের শুরুর দিকে ট্রাম্পের মার-এ-লাগোতে চারটি সফরে করদাতাদের ব্যয় হয়েছিল ১ কোটি ৩৬ লাখ ডলার।

এই ব্যয়ের মধ্যে ছিল বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার খরচ, প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান পরিচালনা, মোটরকেডের গাড়ি পরিবহনের ব্যয় এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ।

বিশেষ করে প্রেসিডেন্টের গাড়িবহরের যানবাহন পরিবহনে সামরিক বাহিনীর ব্যয়বহুল সি-১৭ কার্গো বিমান ব্যবহার করতে হয়।

দ্বিতীয় মেয়াদেও এসব ব্যয়ের প্রধান খাতগুলো কমেনি। বরং অনেক ক্ষেত্রে বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এয়ার ফোর্স ওয়ানের উড্ডয়ন, সি-১৭ বিমানে গাড়িবহর পরিবহণ এবং প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেতন—সব মিলিয়ে ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

তবে হাফপোস্ট তাদের হিসাবে ২০১৯ সালের পর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থের পরিমাণ বাড়ায়নি। কারণ সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেতন সাধারণত ভোক্তা মূল্যসূচকের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি। সে হিসাবে বর্তমান প্রকৃত ব্যয় তাদের প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে।

ওবামা ও বাইডেনের গলফ সফরের সঙ্গে তুলনা

প্রেসিডেন্ট হওয়ার আগেই গলফ খেলার জন্য ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার কঠোর সমালোচনা করতেন। ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট হলে এত বেশি ব্যস্ত থাকবেন যে গলফ খেলার সময়ই পাবেন না।

কিন্তু ২০২০ সালের নির্বাচনে পরাজয় এবং ক্ষমতায় থাকার চেষ্টা ঘিরে বিতর্কের পর তিনি পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনেরও নিয়মিত সমালোচনা করেছেন। বিশেষ করে সপ্তাহান্তে ডেলাওয়ারে নিজের বাড়িতে বাইডেনের যাতায়াত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প।

তবে ওবামার গলফ খেলার পেছনে করদাতাদের ব্যয় ট্রাম্পের তুলনায় ছিল অনেক কম। কারণ ওবামা মূলত হোয়াইট হাউসের কাছাকাছি জয়েন্ট বেস অ্যান্ড্রুজের গলফ কোর্সে খেলতেন। ফলে তার যাতায়াতের জন্য বড় ধরনের বিমান পরিবহণের প্রয়োজন হতো না।

অন্যদিকে বাইডেন ডেলাওয়ারে যাতায়াত করতেন এয়ার ফোর্স ওয়ানের ছোট সংস্করণ কিংবা মেরিন ওয়ান হেলিকপ্টারে। এসব পরিবহণের পরিচালনা ব্যয় ট্রাম্পের ব্যবহৃত বড় উড়োজাহাজের তুলনায় অনেক কম।

জিএওর হিসাবে, ট্রাম্পের ফ্লোরিডা সফরে ব্যবহৃত পরিবর্তিত বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি পরিচালনা করতে প্রতি ঘণ্টায় খরচ হয় ২ লাখ ৭৩ হাজার ৬৩ ডলার।

৩০ কোটি ডলারের পথে ট্রাম্পের গলফ বিল

সব মিলিয়ে ট্রাম্পের গলফ খেলা এখন আর নিছক ব্যক্তিগত শখের মধ্যে সীমাবদ্ধ নেই। তার প্রতিটি সফরের সঙ্গে জড়িয়ে আছে প্রেসিডেন্টের নিরাপত্তা, সামরিক পরিবহন, সরকারি উড়োজাহাজ পরিচালনা এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীর ব্যয়।

হাফপোস্টের হিসাব অনুযায়ী, দ্বিতীয় মেয়াদের বর্তমান গতিতে গলফ সফর অব্যাহত থাকলে মেয়াদ শেষ হওয়ার আগেই এ খরচ ৩০ কোটি ডলার ছাড়াতে পারে।

তথ্যসূত্র: ইয়াহু নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension