
মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেটকে শূন্যে লুফে নিল স্পেসএক্স, গড়ল ইতিহাস: ২২ ঘণ্টায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ
মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা পূর্ণাঙ্গ মহাকাশযান স্টারশিপকে মাটিতে অবতরণের আগেই বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যে ধরে ফেলেছে প্রতিষ্ঠানটি। শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেজ উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্সের এ প্রযুক্তি সফলভাবে কাজে লাগানো গেলে মহাকাশ অভিযানের ব্যয় অনেক কমিয়ে আনা সম্ভব হবে। একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করা যাবে। ফলে প্রতিবার নতুন যান তৈরির পেছনে বিপুল অর্থ ব্যয় না করেই ঘন ঘন মহাকাশ অভিযান পরিচালনা করা সম্ভব হবে।
সাধারণত মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় মহাকাশযানকে প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে হয়। এ সময় প্রচণ্ড গতির কারণে যানটির বাইরের অংশ অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। এই তাপ থেকে ভেতরের যন্ত্রপাতি ও নভোচারীদের রক্ষা করতে বিশেষ তাপরোধী আবরণ ব্যবহার করা হয়। বায়ুমণ্ডলে প্রবেশের পর বাতাসের বাধায় যানটির গতি কমতে থাকে। এরপর যানটির ধরন অনুযায়ী প্যারাস্যুট, ডানা কিংবা অন্য অবতরণপ্রযুক্তির সাহায্যে সেটিকে পৃথিবীতে নামানো হয়।ঘড়ি কিনুন
কিন্তু স্টারশিপের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন প্রযুক্তি ব্যবহার করছে স্পেসএক্স। মহাকাশ থেকে ফিরে আসার পর বিশাল দুটি যান্ত্রিক বাহুর সাহায্যে মহাকাশযানটিকে ধরে ফেলা হচ্ছে। এতে যানটিকে অবতরণের জন্য আলাদা কোনো জায়গায় নামানোর প্রয়োজন হচ্ছে না। একই সঙ্গে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত করার প্রক্রিয়াও সহজ হতে পারে।
যেভাবে লুফে নেওয়া হলো স্টারশিপ
শনিবার স্পেসএক্সের তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়। মহাকাশযানটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। প্রায় ২২ ঘণ্টার এ যাত্রায় ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের জন্য ২৬টি স্যাটেলাইটও কক্ষপথে স্থাপন করে এটি।
এরপর পৃথিবীতে ফেরার পথে বায়ুমণ্ডলের প্রচণ্ড চাপ ও তাপ সহ্য করে নিচে নামতে থাকে স্টারশিপ। একপর্যায়ে এটি টেক্সাসের স্টারবেজ উৎক্ষেপণকেন্দ্রের ২ নম্বর উৎক্ষেপণ মঞ্চের দিকে এগিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল বিশাল দুটি যান্ত্রিক বাহু। একপর্যায়ে বাহু দুটি নিখুঁতভাবে মহাকাশযানটিকে ধরে ফেলে। স্পেসএক্স যান্ত্রিক বাহু দুটির নাম দিয়েছে ‘চপস্টিক আর্মস’।
এ দৃশ্য দেখতে উৎক্ষেপণকেন্দ্রের কাছেই মেক্সিকো উপসাগরের সৈকতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। পুরো ঘটনা সরাসরি সম্প্রচার করে স্পেসএক্স।
প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্যান হুয়ট এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি মহাকাশযানকে ইস্পাতের বাহু দিয়ে শূন্যেই ধরে ফেলা ছিল মহাকাশ অভিযানের পরম আরাধ্য লক্ষ্য। আমরা স্টারশিপকে ধরে ফেলেছি। এখন সবকিছু বদলে যাবে।’
এর আগে তিনবার মহাকাশ থেকে ফিরে আসা রকেটের বুস্টার যান্ত্রিক বাহুর সাহায্যে ধরে ফেলেছিল স্পেসএক্স। বুস্টার হলো রকেটের সেই অংশ, যা উৎক্ষেপণের সময় মূল মহাকাশযানকে প্রয়োজনীয় গতি ও শক্তি জোগায়। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর এটি মূল যান থেকে আলাদা হয়ে পৃথিবীতে ফিরে আসে।ঘড়ি কিনুন
তবে বুস্টারের তুলনায় পূর্ণাঙ্গ স্টারশিপকে শূন্যে ধরে ফেলা অনেক বেশি কঠিন। কারণ, মহাকাশযানটি অনেক বেশি উচ্চতা থেকে দ্রুতগতিতে পৃথিবীতে ফিরে আসে। ফলে সেটিকে নিরাপদে ধরে ফেলতে অত্যন্ত নিখুঁত নিয়ন্ত্রণ ও উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়।
বিশেষজ্ঞরা যা বলছেন
এ সাফল্যের পর স্পেসএক্সের দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যান্ত্রিক বাহুর মধ্যে ঝুলে থাকা স্টারশিপের ভিডিও প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মহাকাশযানটিকে দেখতে দারুণ লাগছে!’
যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মহাকাশবিষয়ক বিশেষজ্ঞ ক্লেটন সোপ এ ঘটনাকে বড় ধরনের প্রযুক্তিগত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান হিসেবে তৈরির পরিকল্পনা যে বাস্তবে কাজ করতে পারে, এ পরীক্ষা তার প্রমাণ।
তবে একবার সফল হলেই এ প্রযুক্তির সক্ষমতা পুরোপুরি প্রমাণিত হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজির বিশ্লেষক ক্যাথলিন কার্লি বলেন, স্পর্শকাতর সরঞ্জাম বহন ও গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান পরিচালনার উপযোগী হিসেবে স্টারশিপকে প্রমাণ করতে হলে স্পেসএক্সকে বারবার এমন সাফল্য দেখাতে হবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাও স্টারশিপের দিকে নজর রাখছে। তাদের আর্টেমিস অভিযানে চাঁদে নভোচারী অবতরণের কাজে এ মহাকাশযান ব্যবহারের পরিকল্পনা রয়েছে। শনিবারের এ সাফল্যের পর নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান ঘটনাটিকে প্রায় জাদুর মতো বলে বর্ণনা করেছেন।



