বাংলাদেশ

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত ব্যানার টানিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ স্থাপন করেন তারা।

রোববার সকাল ১১টা থেকে জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। দুপুর ১২টার দিকে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তারা। পরে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা হয়ে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন মিছিলকারীরা।

ছবি-সমকাল

মিছিলে হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তাদের অনেকের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র ছিল। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীকেও দেখা যায়।মানচিত্র দেখুন

মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত একটি ব্যানার টানিয়ে দেন। ছবি - সমকাল

এ সময় শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক।

মিছিলে হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। ছবি-সমকাল

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

মিছিলের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। রিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা বিভিন্ন এলাকা থেকে সরে যেতে শুরু করেন। বেলা দুইটার পর শহরের বিভিন্ন স্থানে তাদের অবস্থান কমে আসে। পরে কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension