বাংলাদেশ

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় করা এ মামলায় আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। তবে তিনি বর্তমানে ওই এলাকায় বসবাস করেন না। মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এ নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডিল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

বাদীর অভিযোগ, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাভোগ করতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে তাঁর কেনা জমি দখল করে নিয়েছেন আবদুল হালিম। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেছেন।

এজাহারে আরও বলা হয়, ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে থানায় মামলা করেছেন। দীর্ঘদিন ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে আগের ঘটনার পর মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেন তিনি।

বাদী ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলাম। কেনা জমি নিয়ে হালিমের সঙ্গে বিরোধ চলছিল। পরে তাঁদের অত্যাচারে এলাকা ছেড়ে চলে আসি। এখন পাশের গ্রামে থাকি। এত দিন ভয়ে কিছু করতে পারিনি। আজ সুযোগ পেয়ে মামলাটি করেছি।’

মামলা করার জন্য কেউ তাঁকে উৎসাহিত করেছেন কি না, জানতে চাইলে ইদ্রিস আলী বলেন, ‘না, আমি নিজেই মামলা করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেক মানুষের সঙ্গে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক বলে জানি। তাঁর সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মামলার বাদী সকাল সাড়ে ৮টার দিকে এজাহার জমা দিলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। ওই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension