বাংলাদেশ

ব্যানারে নেই জিয়ার ছবি, বক্তব্যে বঙ্গবন্ধু: সপ্তাহ পর সেই ডিসিকে প্রত্যাহার

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান ও জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে বিতর্কের আট দিনের মাথায় এ পরিবর্তন আনা হলো।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়েছে।

এর আগে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা অনুষ্ঠান বর্জন করেন। একই দিন জেলা প্রশাসকের দেওয়া বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়।

একই দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠান চলাকালীন তাঁর দেওয়া বক্তব্যের মধ্যে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিও ক্লিপটিতে জেলা প্রশাসক লুৎফুন নাহারকে বলতে শোনা যায়, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পরে কয়েকটা মাস আমাদের দেশটা অভিভাবকহীন বিশৃঙ্খল অবস্থায় চলছিল। তারই মধ্যে পঁচাত্তরের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। এই ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের কোনো অভিভাবক ছিল না। দেশ ছিল পুরো বিশৃঙ্খল। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ে।’মানচিত্র দেখুন

এসব ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই আট দিনের মাথায় জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলো। তবে প্রজ্ঞাপনে তাঁর প্রত্যাহারের সঙ্গে ওই অনুষ্ঠান বা বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

এদিকে, একই প্রজ্ঞাপনে আরও দুটি জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। আর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension