
রামিসা হত্যা-ধর্ষণ মামলা থেকে খালাস স্বপ্না
রাজধানীর পল্লবীতে আট বছরের স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে সোহেলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিলের রায়ে এ সিদ্ধান্ত দেন।
রায় পাঠকালে আদালত জানান, শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় বিচারিক আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তবে আপিলের শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে স্বপ্না খাতুনকে খালাস দেন হাইকোর্ট। সোহেল রানার ক্ষেত্রে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আসা ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।



