বাংলাদেশ

হঠাৎ ঢাকায় পিটার হাস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তার এই আগমন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন।

বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন তিনি।

রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনি পরিস্থিতি নিয়ে বেশ আলোচনায় ছিলেন পিটার হাস। বিশেষ করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন।

২০২৩ সালের ২৫ মে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সম্পর্কে দলগুলোর প্রতিনিধিদের অবস্থান ও মার্কিন অবস্থান ব্যাখ্যা করা হয়।

একই দিন তিনি জানান, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার নীতি প্রযোজ্য হবে।

এর আগে ২৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করেন।

পিটার হাস বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতেই এ নীতি নেওয়া হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিলে ক্ষমতাসীন দল, বিরোধী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এমনকি গণমাধ্যমের ব্যক্তিরাও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

তার এসব বক্তব্য ও কূটনৈতিক তৎপরতা সে সময় বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অবসরের পর বেসরকারি খাতে যোগ দেওয়া পিটার হাসের এবারের ঢাকা সফরও নতুন করে কৌতূহল তৈরি করেছে।

তবে সফরকালে তার সম্ভাব্য বৈঠক, কর্মসূচি কিংবা রাজনৈতিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension