যুক্তরাষ্ট্র

এনভিডিয়ার সিইও হিসেবে ফিরছেন জেনসেন হুয়াং, সমর্থন আদায়ে তৎপর মিত্ররা

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও দায়িত্বে ফেরার কথা বিবেচনা করছেন জেনসেন হুয়াং। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, দায়িত্বে ফেরার সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেছেন হুয়াং।

হুয়াংয়ের এক ঘনিষ্ঠ সহযোগী ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, এনভিডিয়ার সাবেক এই প্রধান নির্বাহীর প্রত্যাবর্তনের পক্ষে সমর্থন আদায়ে সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীদের নিয়ে একটি ‘ওয়ার রুম’ গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে হোয়াইট হাউসের সমর্থন আদায়েরও চেষ্টা করা হবে। ওই ব্যক্তি বলেন, ‘প্রযুক্তি খাতের সীমান্তবর্তী গবেষণাগারগুলোর (ফ্রন্টিয়ার ল্যাবস) বাইরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে জেনসেনকে সবাই পছন্দ করেন।’ তিনি আরও জানান, হুয়াংয়ের সমর্থন নিয়েই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর কয়েক দিন আগেই ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, জেনসেন হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি খুঁজতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ব্রিটিশ চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছিল।

নিয়মিত কর্মঘণ্টার বাইরে এ বিষয়ে মন্তব্য জানতে এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

পরকীয়া সম্পর্কের একাধিক তথ্য প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার পদত্যাগ করেন হুয়াং। এসব সম্পর্কের মধ্যে চীনের সন্দেহভাজন এক গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে। এ ঘটনা চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির বিষয়টি নিয়েও প্রশ্নের জন্ম দিয়েছে।

এই কেলেঙ্কারির জেরে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি গভীর সংকটে পড়েছে। একই সঙ্গে পুরো এআই শিল্পে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। উল্লেখ্য, এই শিল্পের বিকাশে অর্থায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জেনসেন হুয়াং নিজেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension