যুক্তরাষ্ট্র

‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে…’

যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরান আর যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত অবস্থায় থাকতে চায় না।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী অবস্থানের মধ্যে রোববার (১৫ নভেম্বর) পার্লামেন্টের এক অধিবেশনে এ হুঁশিয়ারি দেন গালিবাফ।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা নাকি যুদ্ধের পথ বেছে নেবে, তা নিয়ে ইরানের কোনো মাথাব্যথা নেই। তবে ওয়াশিংটন যদি ইরানের দেওয়া সাতটি যৌক্তিক শর্ত মেনে নেয়, তাহলে সমঝোতার পথ খোলা থাকবে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আবার কোনো ভুল করলে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীই যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক পরিস্থিতি নির্ধারণ করবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হন। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক বেড়ে যায়।

গত ১৭ জুন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ অবসানে ১৪ দফা চুক্তিতে সই করেন। ওই চুক্তিতে লেবাননসহ বিভিন্ন স্থানে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর অঙ্গীকার করা হয়।

তবে ৮ জুলাই ট্রাম্প চুক্তিটি বাতিল বলে ঘোষণা করেন। এর এক সপ্তাহ পর ইরানও সমঝোতা স্মারক স্থগিত করে। ওয়াশিংটনের বিরুদ্ধে সব প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলে তেহরান। এরপর থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে তিনি তাড়াহুড়ো করছেন না।

বার্তা সংস্থা রয়টার্স শনিবার তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, তেহরান কিংবা ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানে হামলা আপাতত স্থগিত রাখতে পারেন ট্রাম্প।

গত দুই সপ্তাহে টেলিফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। রয়টার্সের বরাতে জানা গেছে, উভয় নেতাই ইরানে নতুন করে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা রয়েছে তার। তবে সৌদি যুবরাজ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেন। তার যুক্তি ছিল, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

এদিকে প্রয়োজন হলে সামরিক অভিযান আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে বর্তমানে মোতায়েন থাকা দুটি বিমানবাহী রণতরির একটির পরিবর্তে আগামী কয়েক দিনের মধ্যে তৃতীয় আরেকটি রণতরি ওই অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। তবে প্রয়োজন হলে তিনটি রণতরিই সেখানে অবস্থান করতে পারে।

ট্রাম্প চাইলে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতেও বোমা হামলা চালাতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র। তবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এসব স্থাপনায় হামলা চালিয়েছে। নতুন করে হামলা চালালে তা কতটা সফল হবে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোও ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে না যাওয়ার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছে। তাদের অবস্থানের প্রতি সহানুভূতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension