আন্তর্জাতিক

আল-জাজিরার বিশ্লেষণ: কাগজে-কলমে দারিদ্র্য জয় করলেও ভারতের কোটি মানুষের পেটে ভাত নেই

বিশ্বব্যাংক বলছে, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্তু বাস্তব চিত্রটা বড়ই করুণ। কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত হওয়া এই কোটি কোটি মানুষ এখনো কেবল বেঁচে থাকার লড়াই করছেন। অসুস্থতা বা ছোটখাটো যেকোনো একটি বিপদ এলেই তারা আবার নিঃস্ব হয়ে পথে বসবেন।

রাজস্থানের ২৫ বছর বয়সি গৃহবধূ হেমা প্রজাপতের জীবনটাই এর বড় প্রমাণ। তার ভাষায়, ক্ষুধার জ্বালা পেটের ভেতর কাঁটা ফোটার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। প্রতি মাসের শেষে তার রান্নাঘরের হাঁড়ি-পাতিল খালি হয়ে যায়। স্বামী হরি প্রজাপত ঋণের জালে জড়িয়ে পড়ছেন। ঘরে যেটুকু খাবার থাকে, তার বেশিরভাগই তুলে রাখা হয় তাদের ৯ বছর বয়সি একমাত্র ছেলে দিব্যাংশের জন্য। অথচ বিশ্বব্যাংকের হিসাব বলছে, হেমার পরিবার আর গরিব নয়! কারণ তিনজনের এই সংসারে মাসে ১১ হাজার রুপি খরচ হয়, যা বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমার চেয়ে প্রায় অর্ধেক বেশি।

ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হলেও গত এক দশকের বেশি সময় ধরে তারা নিজেদের দেশে দারিদ্র্যের কোনো সরকারি হিসাব প্রকাশ করেনি। তাই বিশ্বব্যাংকের হিসাবই এখন ভরসা। সংস্থাটির মতে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে চরম দারিদ্র্য ২৭ শতাংশ থেকে কমে মাত্র আড়াই শতাংশে নেমে এসেছে। এর আগে কেবল চীন চার দশকে ৮০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করে এমন নজির গড়েছিল।

অনেকে ভারতের এই সাফল্যের প্রশংসা করলেও অর্থনীতিবিদদের একটি বড় অংশ প্রশ্ন তুলেছেন। নরেন্দ্র মোদি সরকার কেন নিজেরা দারিদ্র্যের জরিপ করছে না, তা নিয়েও সমালোচনা রয়েছে। বাগানের মালি ও অন্যের বাড়িতে কাজ করা হেমা ক্ষোভের সঙ্গে বলেন, দারিদ্র্য মাপার এই মাপকাঠি এতটাই নিচে যে, ওই টাকায় কোনো মানুষ সম্মান নিয়ে বাঁচতে পারে না। যারা এই রিপোর্ট বানিয়েছেন, তারা আদৌ শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি থেকে নেমে গরিবের অবস্থা দেখেছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে বড়লোক আর গরিবের ব্যবধান আকাশ-পাতাল। দেশের মাত্র ১ শতাংশ ধনীর হাতেই রয়েছে ৪০ শতাংশ সম্পদ। হেমার সংসারেও সেই অভাবের ছাপ স্পষ্ট। মাত্র ১১ বছর বয়সে এক কুমার পরিবারে তার বিয়ে হয়েছিল। মাটির হাঁড়ি-পাতিল বেচে সংসার না চলায় তার স্বামী রাস্তায় ফুচকা বিক্রি শুরু করেন। কিন্তু করোনার ধাক্কায় সেই ব্যবসাও বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে হেমা মানুষের বাড়িতে বাসন মেজে ও ঘর মুছে মাসে ৫ হাজার রুপি আয় করেন। তবুও সংসার চলে না। কারণ গত ৯ বছরে ভারতে জিনিসপত্রের দাম অন্তত ৫১ শতাংশ বাড়লেও গরিবের আয় বাড়েনি। সরকার বিনামূল্যে চাল-ডাল দিলেও বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

সরকারি হাসপাতালে প্রচণ্ড ভিড় আর দীর্ঘ লাইনের ভয়ে মানুষ বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে ছুটছেন, যা তাদের পথে বসিয়ে দিচ্ছে। দুই মাস আগে ছেলের জ্বর হলে বেসরকারি হাসপাতালে গিয়ে হেমার ৬ হাজার রুপি খরচ হয়ে যায়, যা তার পুরো এক মাসের আয়ের চেয়েও বেশি। হেমার প্রতিবেশী সুশীলা সালভির অবস্থা আরও করুণ। ১৪ বছর পর দ্বিতীয়বার গর্ভবতী হয়ে তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়ে জমানো ৬৫ হাজার রুপির সবটাই খুইয়েছেন। টাকার অভাবে এখন বড় মেয়ের প্রাইভেট টিউশনিও বন্ধ করে দিতে হয়েছে।

উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা জানান, গ্রাম ও শহরের খরচের হিসাব আলাদা না করে বিশ্বব্যাংক যে দারিদ্র্যসীমা ঠিক করেছে, তা মোটেও বাস্তবসম্মত নয়। তার মতে, বন্যা, খরা, মহামারি কিংবা পরিবারের একটি বিয়ের খরচ—এমন যেকোনো একটি ধাক্কাই এই পরিবারগুলোকে আবার চরম দারিদ্র্যের অন্ধকারে ঠেলে দিতে পারে।

নয়াদিল্লির উপকণ্ঠে থাকা ৩৭ বছর বয়সি সীমা কুমারের গল্পটাও একই। মাসে ২০ হাজার রুপি খরচ করেও উৎসব এলে তাকে ধার করতে হয়। সম্প্রতি দীপাবলির আতশবাজির ধোঁয়ায় দিল্লির বাতাস বিষাক্ত হয়ে উঠলে সীমার পুরো পরিবার অসুস্থ হয়ে পড়ে। আক্ষেপ করে সীমা জানান, ছেলের জন্য সামান্য একটি মাস্ক কেনার টাকাও তার কাছে ছিল না, অথচ খাতাকলমে তাকে আর দরিদ্র বলা হচ্ছে না!

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ায় হেমার স্বামী এখন মোটরসাইকেলে তেল ভরতেও ভয় পান। ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার তেলের টাকাও হেমাকেই জোগাড় করতে হচ্ছে। হেমার একটাই স্বপ্ন, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কিন্তু তার ভয়, এক মাসের কথা বাদই দিলাম—তিনি যদি মাত্র একদিনও কাজে না যান, তবে পুরো পরিবার আবার সেই না খেয়ে থাকার দিনগুলোতে ফিরে যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension