ভারত

পশ্চিমবঙ্গে ছটপূজার নামে মাংসের দোকান বন্ধের নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে ছটপূজা উপলক্ষে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পৌরসভার পক্ষ থেকে শহরের মাংস বিক্রেতাদের রোববার (১৫ নভেম্বর) ও সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য দিনগুলোতে মাংস বিক্রির সময় কাঁচা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

পৌরসভার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের জারি করা বিজ্ঞপ্তিতে শহরের মাংস ব্যবসায়ীদের এই নির্দেশ দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের বক্তব্য, ছটপূজার মতো ধর্মীয় উৎসবের সঙ্গে মাংসের দোকান বন্ধ রাখার বিষয়টি যুক্ত করার কারণ কী, তা স্পষ্ট নয়। সমালোচকদের বক্তব্য, তারাপীঠের মতো বিখ্যাত শক্তিপীঠ রামপুরহাটের কাছেই অবস্থিত। কৌশিকী অমাবস্যা ও কালীপূজার মতো ধর্মীয় অনুষ্ঠানেও শহরের মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি। তাহলে ছটপূজার সময় কেন এই নির্দেশ, সেই প্রশ্ন তুলেছেন তারা।

তবে পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তার দাবি, এই নির্দেশ কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আদালত চত্বরের সামনে দুটি দোকানে রাস্তার পাশে প্রকাশ্যে পশু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছিল। ওই রাস্তা দিয়ে নিয়মিত ছাত্রছাত্রীরাও যাতায়াত করে। বিষয়টি নিয়ে আগে একাধিকবার ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। দোকানের সামনের অংশ আড়াল করতে রঙিন পর্দা অথবা লাল কাপড় ব্যবহারের কথাও বলা হয়েছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় প্রশাসনিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চেয়ারম্যানের বক্তব্য, বিহারের মানুষের কাছে ছটপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ নিয়ে প্রশাসনিক বৈঠকেও আপত্তির বিষয়টি উঠে আসে। প্রশাসনের আধিকারিক, পুলিশ প্রতিনিধি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা করে ১৫ ও ১৬ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নির্ধারিত নিয়ম মেনে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে এই নির্দেশ ঘিরে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, বাংলার দীর্ঘদিনের খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে এই ধরনের নির্দেশের সংঘাত তৈরি হতে পারে। মাছ ও মাংস বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবেও বহু মানুষ মাছ-মাংস খান। ফলে একটি নির্দিষ্ট ধর্মীয় উৎসবের জন্য মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন তুলেছেন তারা।

তৃণমূল নেতা মিল্টন রশিদও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী ও বন্ধুরা কোনও সমস্যা ছাড়াই ছটপূজা পালন করে আসছেন। কিন্তু হঠাৎ করে পৌরসভার পক্ষ থেকে মাংসের দোকান বন্ধ রাখার বিজ্ঞপ্তি দেওয়ায় তিনি বিস্মিত। তার মতে, কে কী খাবেন এবং কোথায় যাবেন, তা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়।যদিও পৌরসভার চেয়ারম্যানের দাবি, ধর্মীয় ভাবাবেগ এবং সংশ্লিষ্ট দোকানগুলোর অবস্থানগত পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছটপূজাকে কেন্দ্র করে রামপুরহাটের এই নির্দেশ এখন রাজ্যের রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension