
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলাম হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল আদালতে এ আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। তদন্তের প্রয়োজনে এখন সেই তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামি নুরুল ইসলাম নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকে প্রতিহত করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অপরাধ সংঘটনের জন্য তার নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকাল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্রজনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতনামা ২০০-৩০০ জন আসামি যোগসাজসে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে এলোপাথাড়িভাবে মারপিটসহ উপর্যুপরি গুলি বর্ষণ করতে থাকে। এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।



