আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় রায় পড়া শুরু হবে। রায় পড়া শেষ হতে প্রায় ৯০ মিনিট লাগতে পারে। খবর আল জাজিরার।

এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী ঘোষণা করতে পারে আদালত। রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আদালতের সরাসরি ক্ষমতা সীমিত। মিয়ানমার রায় না মানলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইতে পারে।

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।

রোহিঙ্গাদের অধিকাংশই মুসলিম। তারা মিয়ানমারের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার। অভিযানে হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। জাতিসংঘের একটি অনুসন্ধানী দল ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতে বৈধভাবে সামরিক অভিযান চালানো হয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল- এমন সরাসরি প্রমাণও নেই বলে দাবি করে তারা।

১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়।

এর আগে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করেনি আইসিজে। ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় ১৯৯৫ সালের হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত। ওই হত্যাকাণ্ডে ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও কিশোর নিহত হয়েছিলেন। তবে সার্বিয়া নিজে গণহত্যা করেছে বলে রায় দেয়নি আদালত।

রোহিঙ্গা মামলার রায় দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের মামলাসহ ভবিষ্যতের অন্যান্য মামলাতেও গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।

আইসিজে রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। তাই মিয়ানমারকে দায়ী ঘোষণা করতে পারলেও ব্যক্তিবিশেষের বিচার করতে পারে না আদালত। ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।

গাম্বিয়া আইসিজের কাছে মিয়ানমারকে দায়ীদের বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে। তবে রোহিঙ্গাদের পক্ষে ক্ষতিপূরণ চাওয়ার অধিকার গাম্বিয়ার রয়েছে কিনা, তা নিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension