আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে রুশ জাহাজ ডুবিয়ে দেয়ার দায় স্বীকার জেলেনস্কির

লিবিয়ার একটি বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার এ হামলা চালানো হয় বলে জানান তিনি। খবর বিবিসি।

লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সরকার জানিয়েছে, রোববার ভোরে বেনগাজি নৌঘাঁটিতে জ্বালানি ও রসদ নেয়ার জন্য অবস্থান করার সময় রুশ যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণ ঘটে। রাশিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি।

জেলেনস্কি আরো দাবি করেন, হামলায় রাশিয়ার দ্বিতীয় একটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি একটি পণ্যবাহী জাহাজ, যা অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে তার দাবি।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরের উপকূলের কাছে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে ইউক্রেন যে জাহাজে হামলার দায় স্বীকার করেছে, এটি সেই একই জাহাজ কি না, তা স্পষ্ট নয়।

হামলার পর ক্রেমলিন অঞ্চলটিতে ‘উত্তেজনা বৃদ্ধির’ আশঙ্কা প্রকাশ করেছে। তবে লিবিয়ায় জাহাজ দুটিতে হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি রাশিয়া।

সোমবার এক বিবৃতিতে জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের জবাবে পরিচালিত ইউক্রেনের এ অভিযানকে ‘অনুকরণীয়’ বলে প্রশংসা করেন। তিনি জানান, রাশিয়ার নতুন যুদ্ধজাহাজগুলোর একটি করভেট শ্রেণীর জাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দিতে সাতটি নৌ-ড্রোন ব্যবহার করা হয়। এ ছাড়া একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় জাহাজটির নাম এমভি আঙ্গারা। এটি রাশিয়ার একটি কনটেইনারবাহী জাহাজ।

এর আগের দিন শনিবার ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। স্পার্টা-২ নামের জাহাজটি রাশিয়ার বাল্টিক অঞ্চলের বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল। শনিবার সকালে হামলার শিকার হয় এটি।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী বলেছে, হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বাল্টিক অঞ্চলে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার’কে ‘বিপজ্জনক প্রবণতা’ বলে উল্লেখ করেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ওই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে। লিবিয়ায় হামলার বিষয়ে জানতে চাইলে পেসকভ বলেন, এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য দেবে। তবে জেলেনস্কির বক্তব্যের দিকে তাদের নজর রয়েছে বলে জানান তিনি।

এদিকে রোববারের হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআই)। সংস্থাটি অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, লিবিয়া কোনোভাবেই বিদেশী সংঘাতের রণক্ষেত্রে পরিণত হতে পারে না, আর তা হতে দেয়াও উচিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওর অবস্থান যাচাই করে দেখেছে বিবিসি। তারা প্রতিবেদনে উল্লেখ করেছে, সকালে হামলার শিকার জাহাজটি আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। প্ল্যানেট ল্যাবস পিবিসির স্যাটেলাইট চিত্রেও গ্রিনিচ মান সময় ৫টা ৪৭ মিনিটে বেনগাজি বন্দরে একটি জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টর উচ্চ রেজল্যুশনের কিছু ছবি সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ছবিতে রাশিয়ার নৌবাহিনীর স্টেরেগুশ্চি শ্রেণীর প্রজেক্ট ২০৩৮০ করভেট ‘মেরকুরি’কে শনিবার বন্দরে নোঙর করা অবস্থায় দেখা গেছে। রোববারের ছবিতে জাহাজটির বেশির ভাগ অংশ ডুবে থাকতে দেখা যায়। শুধু সামনের অংশ পানির ওপরে ছিল।

পূর্ব লিবিয়াভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) জানিয়েছে, রুশ জাহাজটি একটি বিদ্যমান সামুদ্রিক চুক্তির আওতায় বেনগাজি বন্দর ব্যবহার করছিল। তবে তারা জাহাজটির নাম বা পরিচয় প্রকাশ করেনি।

জিএনএস আরো জানায়, রোববারের ঘটনার তদন্ত চলছে। হামলার উৎস ও এর জন্য কারা দায়ী, তা নির্ধারণে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

লিবিয়ার বন্দরের ভেতরে জাহাজে হামলার নিন্দা জানিয়ে জিএনএস বলেছে, এটি সামুদ্রিক নিরাপত্তার লঙ্ঘন এবং দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত। লিবিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা দেশের সীমানার বাইরের অন্য কোনো সংঘাতের পক্ষ নয় বলেও উল্লেখ করেছে সরকারটি।

অন্যদিকে, ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি (জিএনইউ) বিদেশি বাহিনীকে আশ্রয় দেওয়া এবং তাদের সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ দেয়ার বিষয়ে সতর্ক করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জিএনইউ বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিদেশী সংঘাতের সঙ্গে বন্দর ও বেসামরিক স্থাপনাগুলোকে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে নাগরিকদের জীবন এবং জাতীয় স্থাপনা ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension