আন্তর্জাতিক

‘ডার্টি বোমা’ কী, পারমাণবিক বোমা নয় তবুও কেন এটি ভয়ঙ্কর?

কল্পনা করুন, সাধারণ ডায়নামাইটের মতো একটি বিস্ফোরকের গায়ে জুড়ে দেওয়া হলো সামান্য তেজস্ক্রিয় পদার্থ। এমন একটি যন্ত্রকেই বলা হয় ‘রেডিওলজিক্যাল ডিসপারসাল ডিভাইস’ বা সবার কাছে পরিচিত নামে ‘ডার্টি বোমা’। শুনতে গায়ে কাঁটা দেওয়ার মতো হলেও আসল ঘটনা একটু ভিন্ন। বেশিরভাগ ডার্টি বোমায় এতটা তেজস্ক্রিয়তা থাকে না যে তা মানুষের প্রাণ কেড়ে নেবে বা খুব মারাত্মক অসুখ বাঁধাবে। বরং তেজস্ক্রিয়তার চেয়ে সাধারণ বিস্ফোরকটিই মানুষের জন্য বেশি বিপজ্জনক হয়ে ওঠে। আসলে এর মূল কাজ হলো মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, আশপাশের জায়গা দূষিত করা এবং পরিষ্কার করতে গিয়ে দীর্ঘ সময় ও বিপুল খরচের ঝামেলা তৈরি করা।

অনেকেই মনে করেন ডার্টি বোমা বুঝি পারমাণবিক বোমার মতোই ভয়ংকর। কিন্তু দুটির শক্তির মাঝে বিশাল ফারাক রয়েছে। একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ডার্টি বোম্বের চেয়ে লাখ লাখ গুণ বেশি শক্তিশালী হতে পারে। এর তেজস্ক্রিয় মেঘ হাজার হাজার বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়তে পারে, আর ডার্টি বোমার তেজস্ক্রিয়তা বড়জোর কয়েকটি ব্লক বা কয়েক মাইলের মধ্যেই আটকে থাকে। তাই বিশেষজ্ঞরা এটিকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ না বলে বলেন ‘গণ-অচলাবস্থা সৃষ্টিকারী অস্ত্র’। এর লক্ষ্য হলো চারপাশ দূষিত করে মানুষের মনে অস্থিরতা তৈরি করা।

কোথায় কতটা ছড়ায় আর শরীরের ওপর কী প্রভাব পড়ে

একটি ডার্টি বোমার দূষণ কতটা ছড়াবে, তা নির্ভর করে কয়েকটি সাধারণ বিষয়ের ওপর। বিস্ফোরক কতটা শক্তিশালী, তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ ও ধরন কেমন, কীভাবে তা ছড়িয়ে পড়ছে এবং আবহাওয়া কেমন—এসব কিছুই এখানে হিসাবের খাতায় আসে। বিস্ফোরণের জায়গার সবচেয়ে কাছে যারা থাকেন, বিস্ফোরণে আহত হওয়ার ঝুঁকি তাদেরই সবচেয়ে বেশি। তবে তেজস্ক্রিয় পদার্থ যত ছড়িয়ে যায়, এর ঘনত্ব ও ক্ষতিকর শক্তি ততই ফিকে হতে থাকে। কোন ধরনের তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়েছে তা দ্রুত ধরা পড়লে স্থানীয় প্রশাসন সহজেই মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বা দ্রুত এলাকা ছাড়তে বলতে পারে। উদ্ধারকর্মীদের কাছে থাকা সাধারণ যন্ত্রপাতি দিয়েই তেজস্ক্রিয়তা শনাক্ত করা সম্ভব। তবে দূষিত এলাকা পুরোপুরি পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় আর বড় অঙ্কের টাকা খরচ হয়ে যেতে পারে।

ডার্টি বোমার তেজস্ক্রিয়তা থেকে সঙ্গে সঙ্গে বড় কোনো স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা সাধারণত কম থাকে। কারও শরীরে এর প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করে শরীর কতটা তেজস্ক্রিয়তা শুষে নিল, সেটি গামা, বিটা নাকি আলফা ধরনের তেজস্ক্রিয়তা, উৎস থেকে ওই ব্যক্তি কত দূরে আছেন, কীভাবে সংস্পর্শে এলেন—ত্বকের ওপর পড়ল নাকি শ্বাস বা খাবারের সঙ্গে ভেতরে গেল—এবং কতক্ষণ ওই জায়গায় ছিলেন। সহজ কথা হলো, তেজস্ক্রিয়তার মাত্রা যত বেশি, আঘাতের ঝুঁকি ও তীব্রতাও তত বেশি।

বাঁচবেন কীভাবে, আর নিরাপদ রাখার ব্যবস্থা কী আছে

তেজস্ক্রিয়তা থেকে নিজেকে বাঁচাতে চাইলে তিনটি সহজ নিয়ম মাথায় রাখা জরুরি। তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকার সময় যতটা সম্ভব কমাতে হবে। উৎস থেকে যতটা সম্ভব দূরে সরে যেতে হবে এবং বাইরের তেজস্ক্রিয়তা থেকে আড়াল নেওয়ার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যেন তা ভেতরে না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে।

আমাদের চারপাশে হাসপাতাল, গবেষণাগার, কারখানা কিংবা নির্মাণকাজেও নানা কাজে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। রোগ ধরা ও চিকিৎসায়, যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে কিংবা ঝালাইয়ের কাজ ঠিকঠাক হয়েছে কি না তা যাচাই করতে এসব পদার্থ কাজে লাগে। যুক্তরাষ্ট্রে এনআরসি এবং অঙ্গরাজ্যগুলোর সংস্থা মিলে এমন ২২ হাজারের বেশি লাইসেন্স দেখাশোনা করে। ভালো খবর হলো, এসব তেজস্ক্রিয় পদার্থের বেশিরভাগই ডার্টি বোমা বানানোর কাজে লাগে না।

এই তেজস্ক্রিয় উৎসগুলো নিরাপদ রাখতে এনআরসি এবং অঙ্গরাজ্য সংস্থাগুলোর শক্তিশালী ও বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এতে বড় কোনো অঘটন বা ক্ষয়ক্ষতি বেশ ভালোভাবেই ঠেকানো যাচ্ছে। কোনো তেজস্ক্রিয় উৎস হারিয়ে গেলে বা চুরি হলে বেশিরভাগ ক্ষেত্রেই তা দ্রুত উদ্ধার করা যায় এবং বড় ধরনের দূষণ হয় না। নিজের দেশ ও বাইরের ঝুঁকিপূর্ণ তেজস্ক্রিয় উৎস আরও সুরক্ষিত করতে কাজ করছে এনআরসি। তেজস্ক্রিয় উৎসের কড়া নিরাপত্তা বাধ্যতামূলক করা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র প্রথম দিকের একটি এবং এই নিরাপত্তাব্যবস্থায় বিশ্বজুড়ে পথ দেখাচ্ছে।

সূত্র: নিউক্রিয়ার রেগুলেটরি কমিশন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension