
কেন আলোচনায় পুতিনের পারমাণবিক ব্রিফকেস
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা এক নৌবাহিনী কর্মকর্তার হাতে কালো ব্রিফকেস দেখা যায়। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিবেদক ইয়েভজেনি পপভ সেটিকেই ‘নিউক্লিয়ার ব্রিফকেস’ বা ‘চেগেট’ হিসেবে পরিচয় করিয়ে দেন, যা পারমাণবিক অস্ত্রভাণ্ডারে যুক্ত হওয়ার মাধ্যম। মার্কিন প্রেসিডেন্টের কাছে এমন ব্যাগ ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত, তবে শেনজেনে সেটি দেখা যায়নি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এমন ব্যাগ বহন করেন কি না, তা স্পষ্ট নয়।
কী এই ব্রিফকেস ও কীভাবে কাজ করে?
নিউক্লিয়ার ব্রিফকেস সামরিক কমান্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে, যার মাধ্যমে নেতা পারমাণবিক হামলার নির্দেশ পাঠাতে পারেন। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নে এর সূচনা হয়। তবে সিনেমাটিক লাল বোতামের ধারণার বদলে নির্দেশ কার্যকর করতে সামরিক সদস্য ও বড় যোগাযোগ নেটওয়ার্ক লাগে। যুক্তরাষ্ট্রের ব্রিফকেসের ইতিহাস ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের আগের এবং আইজেনহাওয়ার প্রশাসনের সময় থেকে এর শুরু। সেখানে প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের কোড থাকে ‘বিস্কুট’ নামের কার্ডে এবং পারমাণবিক অনুমোদনের একক ক্ষমতা প্রেসিডেন্টের। অন্যদিকে ১৯৮৩ সালে সোভিয়েত বাহিনীতে যুক্ত হওয়া রাশিয়ার ‘চেগেট’ ‘কাজবেক’ নেটওয়ার্কের মাধ্যমে কমান্ড পাঠাতে পারে, তবে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না। ধারণা করা হয়, রাশিয়ার এমন তিনটি ব্রিফকেস রয়েছে।
কেন আলোচনায়?
নেতা যেখানেই থাকুন না কেন, যেকোনো সময় হামলা বা পাল্টা হামলার সক্ষমতা দেখাতেই এটি সঙ্গে রাখা হয়, যা প্রতিপক্ষকে নিবৃত্ত করতে ভূমিকা রাখে। শেনজেনের ফুটেজ রাশিয়ার পারমাণবিক সক্ষমতার বার্তা দিলেও ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন মাবনের মতে, এটি এক ধরনের রাজনৈতিক প্রদর্শন। বিশ্বে রাশিয়ার অবস্থান আগের মতো না থাকলেও বড় শক্তির কাতারে থাকার বার্তা দিতেই এটি তুলে ধরা হয়েছে। বিশ্বের নয়টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ব্যবস্থা সম্পর্কেই সবচেয়ে বেশি জানা যায়। অন্যান্য দেশে কর্তৃত্বের নিয়ম জানা গেলেও এমন ব্রিফকেস বহনের বিষয়ে স্পষ্ট তথ্য কম।
সূত্র: আল-জাজিরা



