
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আবারো গ্রেফতারি পরোয়ানা জারি
ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। আজ সোমবার এ পরোয়ানা জারি করেন বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রইস খানের আদালত। খবর এনডিটিভি।
জানা গেছে, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডের করা একটি মানহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে মামলাটি করা হয়েছিল।
মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ ডিসেম্বর। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত ৩১ অক্টোবর এবং তারও আগে গত ১৭ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সে সময় আদালতের সমন পৌঁছে দিতে গিয়ে তার বাড়ি তালাবদ্ধ পান বলে প্রতিবেদনে উল্লেখ করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এরপর আদালত হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।
ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।
আদালত উল্লেখ করেন, ২০১৯ সালের জুলাই মাসে প্রথমবার ধ্রুব রাঠিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল।



