ভারত

পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তার রাজ্যে গরু জবাই করতে দেবেন না। এ বিষয়ে শুধু বক্তব্যই নয়, পরিকল্পনাও রয়েছে তার। বিদ্যমান আইনি বিধান আরও কঠোর করতে তার সরকার একটি বিল আনবে। এ ছাড়া এ বিষয়ে কেউ সরাসরি তাকে বার্তা পাঠালেও তিনি ব্যবস্থা নিতে আগ্রহী।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয় নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে গোমাতা হত্যা করতে দেব না। আপনারা (সাংবাদিক) নিজেদের মতো করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে পারেন।’

মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার সেই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যেখানে রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় অসুস্থ ও বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণে গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোকুল মিশন কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এর লক্ষ্য দেশীয় গবাদিপশুর জাত উন্নয়ন ও সংরক্ষণ, জিনগত মানোন্নয়ন এবং দুধ উৎপাদন বৃদ্ধি।

শুভেন্দু অধিকারী বলেন, গোপনে পশু জবাইয়ের প্রবণতা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিনি ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইনের কথা উল্লেখ করে কলকাতা হাইকোর্টের একটি রায়ের প্রসঙ্গ টেনে আইনটি কঠোরভাবে কার্যকরের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা এখানে ঘটতে দেব না। কেউ গোপনে এসব করলে আমাকে বিস্তারিত জানান। আমি তা বন্ধ করে দেব। আমার কাছে ১৯৫০ সালের পশু আইন রয়েছে এবং কলকাতা হাইকোর্টের একটি রায় রয়েছে। আইন কঠোরভাবে কার্যকর করব।’

গত ছয় মাসে এ ধরনের একাধিক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও বিচারপ্রক্রিয়া চালানোর কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে পশু জবাইয়ের তথ্য পাওয়ার পর দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা নতুন একটি বিল আনব।’

জবাইখানায় পশু জবাইও নিষিদ্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী অবৈধ জবাই এবং আইন মেনে জবাইয়ের মধ্যে পার্থক্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘জবাইখানা এবং গোমাতার ক্ষতি করা এক বিষয় নয়। জবাইখানায় যদি অনুমতি থাকে, তাহলে তা করতে পারেন।’

গত মে মাসে বিজেপি নেতৃত্বাধীন সরকার গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের আগে স্বাস্থ্যগত সক্ষমতার সনদ বাধ্যতামূলক করে নতুন নির্দেশিকা জারি করেছিল।

নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত স্থানীয় কর্মকর্তা ও সরকারি পশুচিকিৎসকের সনদ পাওয়ার পর এবং নির্ধারিত জবাইখানায় পশু জবাই করা যাবে।

এ ছাড়া জনসমক্ষে খোলা জায়গায় পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১ হাজার রুপি জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

গত সেপ্টেম্বরে ধর্মীয় বক্তা বাবা বাগেশ্বর রাজ্য সফরের সময় দুর্গাপূজার মণ্ডপে এবং নবরাত্রি চলাকালে আমিষ খাবার রাখা উচিত নয় বলে মন্তব্য করেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য স্পষ্ট করেন, কী খাওয়া হবে বা কী পোশাক পরা হবে, তা ব্যক্তিগত পছন্দের বিষয় এবং এ স্বাধীনতা ব্যক্তিগতই থাকা উচিত।

সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ‘কেউ কী খাবে বা কী পরবে, তা তার ব্যক্তিগত পছন্দ। বাংলার খাদ্যসংস্কৃতি বৈচিত্র্যময় এবং প্রত্যেকের নিজের পছন্দ অনুযায়ী চলার স্বাধীনতা রয়েছে। বাঙালিরা মাছ বা মাংস খাবে না? স্বামী বিবেকানন্দও এর অনুমোদন দিয়েছেন। কোনো সাধু, নেতা বা অন্য কারও অধিকার নেই বলে দেওয়ার যে আপনি কী খাবেন। ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগতই থাকা উচিত।’ সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension