আন্তর্জাতিকপ্রবাস

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

মালয়েশিয়ায় প্রবেশে বাধার মুখে পড়া বিদেশি নাগরিকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। গত তিন বছরে ২৭ হাজার ৫০৪ জন বাংলাদেশিকে দেশটিতে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানোর নোটিশ দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এ তালিকায় শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিকেরা। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের নাগরিকেরা।

সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তার দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার ৩৪ হাজার ৬৫০ জন, বাংলাদেশের ২৭ হাজার ৫০৪ জন এবং ভারতের ২২ হাজার ৩৫০ জন নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ দেওয়া হয়েছে।

অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসেই ৪১ হাজার ৬৫৬ জন বিদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ বিমানবন্দর ও সীমান্ত থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৪০ জন বিদেশিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালে ৪৯ হাজার ৫২২ জন এবং ২০২৪ সালে ৩৪ হাজার ৫২৮ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে কোনো যাত্রীকে তার সর্বশেষ যাত্রা শুরুর স্থানে ফেরত পাঠানোর নির্দেশনাকে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ বলা হয়। দেশটির অভিবাসন আইন অনুযায়ী, নির্ধারিত প্রবেশপথে কঠোর যাচাই-বাছাইয়ের পর বিদেশিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়।

জাকারিয়া শাবান বলেন, অভিবাসন আইনের ৮(৩) ধারা অনুযায়ী, বিদেশিদের প্রবেশে বাধা দেওয়ার অন্যতম প্রধান কারণ হলো মালয়েশিয়ায় অবস্থানকালীন ব্যয় নির্বাহের মতো পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারা, ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়া কিংবা নিরাপত্তা ও কালো তালিকাভুক্তির তথ্যভান্ডারে নাম থাকা। এ ছাড়া বৈধ পাসপোর্ট বা যথাযথ ভিসা না থাকা কিংবা ভিসার শর্ত লঙ্ঘন করলেও বিদেশি নাগরিকদের প্রবেশে বাধা দেওয়া হয়।

তিনি আরও জানান, অভিবাসন আইন লঙ্ঘন, নিরাপত্তাজনিত উদ্বেগ, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান কিংবা অন্যান্য সরকারি সংস্থার নির্দেশনার ভিত্তিতে বিদেশিদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অবৈধভাবে কাজ করা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের কারণে কোনো বিদেশি নাগরিক এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা সাময়িক অথবা অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে পারে।

মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা, নিশ্চিত ফিরতি অথবা পরবর্তী গন্তব্যের টিকিট সঙ্গে রাখা এবং অবস্থানকালীন ব্যয় নির্বাহের পর্যাপ্ত অর্থের প্রমাণ রাখার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানের জন্য আবাসন বুকিং বা থাকার ঠিকানার প্রমাণও সঙ্গে রাখতে হবে।

জাকারিয়া শাবান জানান, অব্যাহতিপ্রাপ্ত দেশের নাগরিক ছাড়া অন্যান্য বিদেশি ভ্রমণকারীদের মালয়েশিয়ায় পৌঁছানোর আগের তিন দিনের মধ্যে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল আগমন কার্ড পূরণ করতে হবে।

আন্তর্জাতিকভাবে খোঁজ করা অপরাধীদের বিষয়ে তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে চিহ্নিত অপরাধীদের তথ্য বিনিময় করে মালয়েশিয়া। বিমানবন্দর ও সীমান্তে এ ধরনের ব্যক্তির পরিচয় শনাক্ত হলে দেশটির আইন অনুযায়ী গ্রেফতার কিংবা বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তথ্যের পাশাপাশি দেশটির নাগরিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার পরিসংখ্যানও প্রকাশ করেছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক। তার দেওয়া তথ্যমতে, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ৪ লাখ ৪ হাজার ৮৪৮ জন মালয়েশীয় নাগরিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি জানান, আয়কর বকেয়া, শুল্কসংক্রান্ত অমীমাংসিত বিষয়, কর্মচারী ভবিষ্যৎ তহবিলের (ইপিএফ) বকেয়া, আদালতের আদেশ, দেউলিয়াত্ব এবং সরকারি সহায়তায় নেওয়া শিক্ষাঋণ পরিশোধ না করার কারণে এসব নাগরিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জাকারিয়া শাবান বলেন, অভ্যন্তরীণ রাজস্ব বোর্ড, দেউলিয়াত্ব বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার পাঠানো নির্দেশনার ভিত্তিতে অভিবাসন বিভাগ এসব নিষেধাজ্ঞা কার্যকর করে। তবে বকেয়া অর্থ আদায় বা সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তির দায়িত্ব অভিবাসন বিভাগের নয়।

কোনো নাগরিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকলে তাকে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে বকেয়া অর্থ পরিশোধ অথবা অমীমাংসিত বিষয় নিষ্পত্তি করতে হবে। সংশ্লিষ্ট সংস্থা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা দেওয়ার পরই অভিবাসন বিভাগ ওই ব্যক্তির ভ্রমণসংক্রান্ত তথ্য হালনাগাদ করবে।

এ ছাড়া কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খোঁজসংক্রান্ত নোটিশ থাকলে তাকে সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। বিদেশযাত্রার আগে নিজেদের ভ্রমণসংক্রান্ত অবস্থান যাচাই করতে মালয়েশীয় নাগরিকদের অভিবাসন বিভাগের সরকারি ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন জাকারিয়া শাবান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension