বিনোদনভারত

ভারতে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন ইমরান খান

ভারতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অভিনেতা ইমরান খান। সোমবার বোম্বে হাইকোর্টের তিরস্কারের পর তিনি ক্ষমা চান।

গত মাসে মুম্বাইয়ে আন্দোলনে যোগ দিয়ে আটক হয়েছিলেন এই বলিউড অভিনেতা। এরপর তাঁকে ভারত ছাড়ার নোটিশ দেয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। এতে বলা হয়, আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন।

এফআরআরও-এর নোটিশে ইমরানকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছিল। সোমবার আদালত বলেছেন, ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হিসেবে দেশের সমালোচনা করার অধিকার তাঁর নেই।’

শুনানিতে আদালত আরও বলেন, এসআইআর-এর কারণে ইমরান খান নূন্যতম ক্ষতিগ্রস্ত হননি। তাঁকে ভারতীয় নাগরিকদের সমপর্যায়ে রাখা যায় না।

এরপর আদালত ইমরানকে নিঃশর্ত ক্ষমা চাইতে অথবা হলফনামায় অনুশোচনা প্রকাশ করতে বলেন। পাশাপাশি ভবিষ্যতে এসআইআর বিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশ দেন।

হাইকোর্টের তিরস্কারের পর আদালতে অঙ্গীকারনামা জমা দেন ইমরান। তাঁর ভারত ছাড়ার নোটিশ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

ওসিআই কার্ডধারী ব্যক্তিরা আজীবন মেয়াদি ভিসা পান। কিন্তু তাদের ভোট দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থাকে না। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য অনুমতির বাধ্যবাধকতার বিষয়টি ওসিআই নিয়মে স্পষ্টভাবে বলা নেই।

তবে ভারতের সংবিধানের ১৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের যে অধিকারের কথা বলা হয়েছে, তা কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension