যুক্তরাষ্ট্র

ফ্লোরিডায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যবসায়িক বিমান (বিজনেস জেট) বিধ্বস্ত হয়ে এর ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুরে পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিট) দুর্ঘটনাটি ঘটে। স্থানটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত ও আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে বিমানের কংক্রিটের টুকরো ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল।

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল নামের ছয় লেনের একটি সড়কে বিমানটি বিধ্বস্ত হয়। ওই সড়কের আশপাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে চালকদের ওই এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ ঘটনাটিকে ব্যাপক প্রাণহানির আশঙ্কাযুক্ত জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে।

শন ডাফি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ একটি তদন্ত দল পাঠাচ্ছে। দলটি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্তে সহায়তা করবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবার ও স্বজনদের জন্য সবাই প্রার্থনা করুন।’

বিমানটিতে কারা ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া মাটিতে থাকা কেউ হতাহত হয়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension