আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মার্কিন গাড়িতে শুল্ক আরোপ, ‘প্রতিশোধ’ নিচ্ছে কানাডা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছেই। এর মধ্যে কানাডার ওপর ট্রাম্প প্রশাসনের ‘অযৌক্তিক শুল্ক’ আরোপের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের যানবাহনের ওপর ২৫% কর আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ক্র্যানি বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের অটোমোবাইল খাতে ২৫ শতাশ রপ্তানি শুল্ক জারি করেছেন। এর প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার। এই শুল্ক থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই কানাডার অটোমোবাইল শিল্প ও এ খাতের কর্মীদের কল্যাণে ব্যয় করা হবে।”

কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মুক্ত বাণিজ্যচুক্তি রয়েছে। চুক্তিটির নাম কানাডা-ইউনাইটেড স্টেটস-মেক্সিকে এগ্রিমেন্ট (সিইউএসএমএ-কুসমা)। এই চুক্তির আওতায় বাৎসরিক হিসেবে বিভিন্ন মার্কিন ও মেক্সিকান পণ্যে কোটা অনুসারে শুল্কছাড় দেয় কানাডা।

বৃহস্পতিবারের এক্সবার্তায় ক্র্যানি বলেন, এখন থেকে যানবাহনের ক্ষেত্রে মেক্সিকো কোটা অনুযায়ী শুল্কছাড় পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। অর্থাৎ এখন কুসমার কোটা ও কোটার বাইরে যত মার্কিন যানবাহন কানাডার ভূখণ্ডে ঢুকবে, প্রতিটি থেকে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক কেটে রাখবে দেশটির সরকার।

তবে গাড়ির যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর কর আরোপ করেনি কানাডা। এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের অটোমোবাইল শিল্পকে আরও বড় ও বহুজাতিক করে তুলতে চায় এবং এক্ষেত্রে কাঁচামালের সরবরাহ প্রবাহে কোনো বাধা আরোপ করতে আগ্রহী নয়। বিশ্ব অর্থনীতি যখন অস্থিরতার মধ্যে রয়েছে তখন এই ঘোষণা এলো।

গত বুধবার ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর ব্যাপক পরিসরে শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন কোনো শুল্ক আরোপ করা হয়নি। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং যানবাহনের ওপর ২৫% কর আরোপ করেছে।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে স্বাধীন ও ন্যায়সঙ্গত বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension