আন্তর্জাতিকপ্রধান খবর

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে আন্তর্জাতিক বাণিজ্য আইন লঙ্ঘিত হয়েছে: রাশিয়া

বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসন যে ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে, সেটির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বিশেষ করে, চীনের পণ্য আমদানির ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করাটা কোনোভাবেই আন্তর্জাতিক বাণিজ্যের রীতির মধ্যে পড়ে না বলে মনে করে দেশটি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘ওয়াশিংটন আন্তর্জাতিক বাণিজ্য আইন মেনে চলে বলে মনে হচ্ছে না।’

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর তাতে আপত্তি জানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করেছিল চীন। কারণ বাণিজ্যের ক্ষেত্রে বিরোধ দেখা দিলে সবপক্ষের সঙ্গে কথা বলে সাধারণত বিশ্ব বাণিজ্য সংস্থা সমস্যাটি সমাধান করে থাকে।

কিন্তু সংস্থাটির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না করে একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে, সেটি বিশ্ব বাণিজ্য সংস্থার ‘মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে’ বলে মন্তব্য করেছেন মারিয়া জাখারোভা।

উল্লেখ্য, আজ থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্ক’। পূর্বঘোষণা অনুযায়ী নয়ই এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চীনের শুল্কহার ৮৪ শতাংশ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়ে ১০৪ শতাংশে পৌঁছেছে। এর জবাবে মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন। ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension