
হরতাল হয়েছে কিনা আপনারাই বলেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের চার সংগঠন। যেগুলোসহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়।
আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদমাধ্যমেও তা পাঠানো হয়। হরতালের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি হরতাল ডাকা হয়েছে। কিন্তু হরতালটা হয়েছে কি না সেটা আপনারাই বলেন। দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য সময় হরতালে এর চেয়ে অনেক বেশি ক্ষতি হয়। কিন্তু তার থেকে ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনতে পেরেছি কিনা সেটা দেখবেন।
গোপালগঞ্জে পরিস্থিতিগত কারণে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে।’
গণগ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় কোনো গণগ্রেফতার হচ্ছে না। যারা দোষী, তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে।
সেখানে চলমান ১৪৪ ধারা পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।



