বাংলাদেশ

ছেলের মৃত্যুতে প্যারোল চাননি শারমিনের স্বজনেরা, দাবি ডিসির

বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী ছেলের মৃত্যুর পর কারাগারে বন্দী মা শারমিন সুলতানা শর্মিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। তবে শারমিনের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি বলে দাবি করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নূরুল করিম ভূঁইয়া। অন্যদিকে শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুণের দাবি, প্যারোলের আবেদন করতে তাদের নিরুৎসাহিত করেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে শারমিনকে তার ছেলের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি কারাগারে নেওয়া হয়। সেখানে কয়েক মিনিটের জন্য ছেলের মুখ দেখার সুযোগ পান বন্দী মা।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া সমকালকে বলেন, কারাবন্দী শারমিনের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি।

তবে শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুণ বলেন, প্যারোলে মুক্তির আবেদন করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নিরুৎসাহিত করেছিলেন। ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অস্থিরতার কারণে বন্দীদের আনা-নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তাদের জানানো হয়। তবে কারাগারে ছেলের মরদেহ নিয়ে গেলে শারমিনকে তা দেখার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

শাহাদাত হোসেন ও শারমিন সুলতানা শর্মি দম্পতির ছেলে নিসর্গ হোসেন তূর্য। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে ১৫ বছর বয়সী তূর্যের মৃত্যু হয়। জন্ম থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিল সে। স্বজনদের ভাষ্য, ছেলের খাওয়াদাওয়া ও পরিচর্যার বেশির ভাগ দায়িত্ব পালন করতেন মা শারমিন।

গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে বলে জানান তার স্বামী। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শাহাদাত হোসেন বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে। দুজনই বিশেষ চাহিদাসম্পন্ন। জন্মের পর থেকে তূর্যের সবকিছু দেখাশোনা করতেন শারমিন। মায়ের অনুপস্থিতি সে মেনে নিতে পারেনি। মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার যথাযথ পরিচর্যা করার মতো কেউ ছিল না। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় সে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম সমকালকে বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে কারাবিধি অনুযায়ী শারমিনকে তার সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় কয়েক মিনিটের জন্য ছেলের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।

কারাগারের ফটকে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তূর্যের নানি কোহিনুর বেগম বলেন, ‘আমার তূর্য নেই। তূর্য লাশ হয়ে কারাগারে মাকে দেখতে এসেছে। এই দৃশ্য আমার সহ্য হচ্ছে না। আমার মেয়ে নির্দোষ।’

তূর্যের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শারমিনের গ্রেপ্তারের সময়ের একটি ভিডিও। এতে দেখা যায়, পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি বলছেন, তার সন্তান অসুস্থ ও প্রতিবন্ধী। সারারাত ছেলেকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া তাকে দেখাশোনা করার কেউ নেই।

আরেকটি ভিডিওতে তূর্যকে বলতে শোনা যায়, মাকে ছাড়া সে কীভাবে স্কুলে যাবে, পড়াশোনা করবে এবং খাওয়াদাওয়া করবে। তার আরও একটি অস্ত্রোপচার বাকি বলেও ভিডিওতে উল্লেখ করে সে। মাকে নিরপরাধ বলেও দাবি করে তূর্য।

মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির বলেন, কোনো ব্যক্তি কারাগারে আটক থাকলেও তার মানবিক মর্যাদা, পারিবারিক সম্পর্ক কিংবা স্বজন হারানোর শোক প্রকাশের অধিকার শেষ হয়ে যায় না। ব্যক্তিস্বাধীনতা আইনিভাবে সীমিত করা গেলেও মানবিক অধিকার ও মর্যাদা কেড়ে নেওয়া যায় না। জরুরি মানবিক পরিস্থিতিতে প্যারোল রাষ্ট্রের দায়িত্বশীলতা ও মানবিকতার প্রতিফলন।

তিনি আরও বলেন, শিশুটির মৃত্যুর পর তার মাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি অস্বস্তিকর। তবে প্রশ্ন শুধু মৃত্যুর পর মাকে শেষবারের মতো সন্তানের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হলো কিনা, তা নয়। শিশুটি অসুস্থ হওয়ার পর তার পরিচর্যা ও মায়ের সান্নিধ্যের প্রয়োজনের বিষয়টি কেন জরুরি মানবিক বিবেচনায় কার্যকরভাবে দেখা হয়নি, সেটিও গুরুত্বপূর্ণ।

জানাজা শেষে শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে তূর্যকে দাফন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension