
হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’
মার্কিন বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এতে সামরিক বাহিনীর কৌশলগত, ব্যক্তিগত ও রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে হ্যাকাররা কোনো তথ্য চুরি করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে দুজন জানান, গত এক মাসের মধ্যে সিস্টেম হালনাগাদের সময় ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। তবে কারা এই হামলা চালিয়েছে, কী পরিমাণ সিস্টেমে প্রবেশ করতে পেরেছে কিংবা কোনো তথ্য হাতিয়ে নিয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমান বাহিনী বিভাগের তথ্য, সিস্টেম এবং সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা সুরক্ষায় নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।
২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-এর উদ্দেশ্য ছিল বিমান বাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব চাহিদার জন্য একটি সমন্বিত কেন্দ্র তৈরি করা। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি ও সম্পদ একত্র করে প্ল্যাটফর্মটি পরিচালিত হয়। এর মাধ্যমে বিমান বাহিনীর বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো হয়। এসবের মধ্যে রয়েছে কর্মীদের ব্যক্তিগত তথ্য ও বেতন ব্যবস্থাপনা, রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত অ্যাপ্লিকেশন।
এ প্ল্যাটফর্মের আওতায় রয়েছে বিমান বাহিনীর ক্লাউডভিত্তিক ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এটি উত্তর আমেরিকাজুড়ে থাকা আকাশ প্রতিরক্ষা রাডারসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও একত্র করে। এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। এর মাধ্যমে বিশ্বজুড়ে ২০০টির বেশি মার্কিন বিমান বাহিনী ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব ও অবস্থান পর্যবেক্ষণ করা হয়।
২০২৬ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। এরপর এ দায়িত্ব নেয় লিডোস। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে এসএআইসি কোনো সাড়া দেয়নি। লিডোস প্রশ্নগুলো বিমান বাহিনীর কাছে পাঠিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট দুটি সূত্রের মতে, ‘ক্লাউড ওয়ান’ মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বৃহৎ ক্লাউড প্ল্যাটফর্ম। তাঁদের একজন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছেন।
একটি সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ড’-এর সহায়তা নিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাইবার কমান্ড কোনো সাড়া দেয়নি।
হ্যাকিংয়ের ঘটনায় প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তি জানিয়েছেন, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকারমূলক প্রকল্পের অংশ হিসেবে ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ‘ক্লাউড ওয়ান’-এ স্থানান্তরের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে প্ল্যাটফর্মে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রাখা হয়েছে।
এর ফলে বিমান বাহিনীর কর্মীরা সফটওয়্যারের ত্রুটি সংশোধন করতে পারছেন না। অথচ এ সময় প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা শনাক্ত হয়েছে। পঞ্চম একজন সূত্র জানিয়েছেন, নিরাপত্তার কারণে কিছু ব্যবহারকারীর প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটর অধিকারও বাতিল করা হয়েছে। পাঁচজন সূত্রই নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন।
একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, হ্যাকাররা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশাধিকার পেয়েছিল। কন্ট্রোল প্লেনকে একটি ‘ইউনিভার্সাল রিমোট’-এর সঙ্গে তুলনা করেছেন ওই সূত্র। কারণ, এর মাধ্যমে তাত্ত্বিকভাবে পুরো ক্লাউড ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ধরনের প্রবেশাধিকার ব্যবহার করে হ্যাকাররা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা যন্ত্রাংশের স্থানান্তর সম্পর্কে তথ্য জানতে পারত। তবে এবারের ঘটনায় তারা এমন কোনো তথ্য দেখেছে বা সংগ্রহ করেছে কি না, তা স্পষ্ট নয়। কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে এ অনুপ্রবেশ ঘটানো হয়েছে, তা-ও শনাক্ত করতে পারেনি রয়টার্স।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ার মধ্যেই এ ঘটনা ঘটল। বিশেষজ্ঞদের উদ্বেগ, এআই মডেলগুলো দ্রুত বিশাল পরিসরের নেটওয়ার্কে থাকা সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করতে পারে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের সক্ষমতা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
এদিকে, যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি প্রকাশ্যে আসা আরও অন্তত ছয়টি সাইবার নিরাপত্তা ঘটনার প্রভাব মোকাবিলা করছে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি ঘটনা, পেন্টাগনের তথ্যভান্ডারে হ্যাকিং, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থায় অনুপ্রবেশ এবং ট্রেজারি বিভাগে সাইবার হামলা।
ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ‘ফেডস্কুপ’-এ প্রকাশিত এক মন্তব্যে প্ল্যাটফর্মটির নেতৃত্ব দাবি করেছিল, আমাদের সিস্টেমে অনুপ্রবেশের জন্য চালানো বিপুলসংখ্যক প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের সাফল্যের হার ছিল ১০০ শতাংশ। তখন প্ল্যাটফর্মটির নেতৃত্ব বলেছিল, নিরাপত্তার ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই।



