
ওজোন পার্কে চাচাতো ভাইকে পিটিয়ে অচেতন করে রাস্তায় ফেলে যাওয়া: ব্রুকলিনের ব্যক্তি দোষী সাব্যস্ত
গাড়ি দুর্ঘটনা নিয়ে বিরোধের জেরে হামলা; কয়েক মিনিট পর চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত ভুক্তভোগী
হোসনেআরা চৌধুরী :
কুইন্সের ওজোন পার্কে নিজের চাচাতো ভাইকে মারধর করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় ব্রুকলিনের এক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পতিবার কুইন্স সুপ্রিম কোর্টের একটি জুরি জোনাথন ভেলেজকে প্রথম ও দ্বিতীয় মাত্রার হামলা এবং প্রথম মাত্রার বেপরোয়া বিপদ সৃষ্টির অভিযোগে দোষী ঘোষণা করে।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ জানান, ৪৬ বছর বয়সী ভেলেজ ২০২৫ সালের ২ আগস্ট ভোরে তাঁর চাচাতো ভাই ৩৮ বছর বয়সী ম্যানুয়েল রিভেরাকে মারধর করেন। তাঁরা ম্যানহাটনে রিভেরার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গাড়িতে করে কুইন্সে ফিরছিলেন। পথে গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ শুরু হয়।
ভোর আনুমানিক ৪টা ২৭ মিনিটে ভেলেজ ওজোন পার্কের রকওয়ে বুলেভার্ডে গাড়ি থামান। সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি রিভেরাকে সজোরে ঘুষি মারেন। এতে রিভেরা রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। অভিযোগ অনুযায়ী, এরপর ভেলেজ তাঁর পকেট তল্লাশি করেন, গাড়িতেও খোঁজাখুঁজি করেন এবং তাঁকে রাস্তায় ফেলে রেখে চলে যান।
এর কয়েক মিনিটের মধ্যেই একটি চলন্ত গাড়ি অচেতন রিভেরাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ, মাথার খুলি ও চোয়াল ভাঙা, শ্রোণি ও পাঁজরের হাড় ভাঙা, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং দাঁত হারানোর মতো গুরুতর আঘাতের চিকিৎসা করা হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা ও পরিবারের পরিচর্যার ওপর নির্ভরশীল।
এক দিন বিচার-বিবেচনার পর জুরি ভেলেজকে দোষী সাব্যস্ত করে। কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক ফ্রান্সেস ওয়াং আগামী ১৩ জানুয়ারি ২০২৭ সাজা ঘোষণার জন্য তাঁকে পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেন, নিজের আত্মীয়কে আঘাত করে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে চলে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী ও তাঁর পরিবারের জন্য ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।



