
সেকশন এইট জটিলতায় ব্রঙ্কসে ঘরছাড়া ৮০ বছরের নারী
সরকারি ভাড়া সহায়তা বন্ধ, অনিশ্চয়তায় আরেক প্রবীণ বাসিন্দা; প্রশাসনিক জটিলতায় আবাসন নিরাপত্তা নিয়ে উদ্বেগ
শাহ্ জে. চৌধুরী :
সরকারি আবাসন সহায়তা কর্মসূচি ‘সেকশন এইট’-এর ভাড়া ভর্তুকি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে ব্রঙ্কসের থ্রগস নেক এলাকায় নিজের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছেন ৮০ বছর বয়সী এক নারী। একই ভবনের আরেক প্রবীণ বাসিন্দাও ভাড়া সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় আবাসন অনিশ্চয়তার মুখে পড়েছেন।
Bronx Times-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্রিল্যান্ড অ্যাভিনিউয়ের একটি ভবনে সেকশন এইট কর্মসূচির আওতায় বসবাস করতেন আতিলা নামের ওই নারী। নতুন অ্যাপার্টমেন্টে স্থানান্তরের পর তাঁকে জানানো হয়, তাঁর বার্ষিক পুনঃনিবন্ধন (Annual Recertification) সম্পন্ন হয়নি। ফলে বন্ধ হয়ে যায় তাঁর সরকারি ভাড়া সহায়তা।
ভবনের ব্যবস্থাপক মেরি অ্যাঞ্জেলির দাবি, স্থানান্তরের আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়েছিল। এরপরও নথিপত্র দেখিয়ে ভর্তুকি পুনরায় চালুর চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত আতিলা থ্রগস নেক ছেড়ে অন্য অঙ্গরাজ্যে চলে যেতে বাধ্য হন।
একই ভবনের আরেক বাসিন্দা, ৬০-এর কোঠায় থাকা ওয়ান্ডাও একই সমস্যায় পড়েছেন। নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (NYCHA) পরিচালিত তাঁর সেকশন এইট ভাড়া সহায়তা অ্যাপার্টমেন্টে ওঠার প্রায় তিন মাস পর বন্ধ হয়ে যায়। এতে তাঁর পক্ষে ভবিষ্যতে ভাড়া পরিশোধ ও বাসস্থানে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাড়ির ব্যবস্থাপক জানান, দুই বাসিন্দার ভাড়া সহায়তা পুনরুদ্ধারের জন্য তিনি কয়েক মাস ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত NYCHA এ বিষয়ে কোনো জবাব দেয়নি।
উল্লেখ্য, সেকশন এইট হাউজিং চয়েস ভাউচার কর্মসূচির আওতায় নিম্ন আয়ের পরিবার, প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিরা বেসরকারি আবাসনে বসবাসের জন্য সরকারি ভাড়া সহায়তা পেয়ে থাকেন। তবে এ সুবিধা অব্যাহত রাখতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আয় যাচাই ও বার্ষিক পুনঃনিবন্ধন সম্পন্ন করতে হয়।
এই ঘটনা নিউইয়র্কে প্রবীণ ও নিম্ন আয়ের বাসিন্দাদের আবাসন নিরাপত্তা এবং সরকারি সহায়তা কর্মসূচির প্রশাসনিক জটিলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



