
সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি নিষেধাজ্ঞা বহাল রাখল কানাডার সুপ্রিম কোর্ট
কানাডার কুইবেক প্রদেশে নির্দিষ্ট সরকারি চাকরিতে হিজাব, পাগড়ি ও অন্যান্য ধর্মীয় প্রতীক পরার নিষেধাজ্ঞা বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার ঘোষিত এক রায়ে ২০১৯ সালে প্রণীত ‘বিল ২১’-এর অধিকাংশ বিধান বৈধ বলে স্বীকৃতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে এই রায় কানাডার ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার ও প্রাদেশিক ক্ষমতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ সদস্য কুইবেক সরকারের সংবিধানের ৩৩ নম্বর ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগকে বৈধ বলে রায় দিয়েছেন। এই ধারার মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অধিকার ও স্বাধীনতার ওপর আইনগতভাবে বিশেষ ব্যবস্থা নিতে পারে। ফলে বিল ২১-এর মূল বিধানগুলো বহাল থাকছে। তবে কুইবেকের জাতীয় পরিষদের সদস্যদের ধর্মীয় কারণে মুখ ঢেকে অধিবেশনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞাকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেছেন আদালত।
২০১৯ সালে তৎকালীন প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগোর নেতৃত্বাধীন কুইবেক সরকার রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করার যুক্তিতে বিল ২১ পাস করে। এই আইনে সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ কর্মকর্তা, বিচারক ও সরকারি আইনজীবীসহ নির্দিষ্ট কিছু সরকারি পেশায় দায়িত্ব পালনের সময় দৃশ্যমান ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়।
আইনটির আওতায় মুসলিম নারীদের হিজাব, শিখদের পাগড়ি, ইহুদিদের কিপ্পা এবং খ্রিষ্টানদের ক্রুশচিহ্নসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ। আইনটি পাস হওয়ার পরপরই ধর্মীয় সংগঠন ও মানবাধিকারকর্মীরা এর প্রতিবাদ জানান। ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস এবং কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন আদালতে এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে।
কুইবেক সরকারের যুক্তি, রাষ্ট্র ও ধর্মকে পৃথক রাখতে এবং সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখতে এই আইন প্রয়োজন। সরকারি দায়িত্ব পালনকারী ব্যক্তিদের পোশাকে কোনো বিশেষ ধর্মের পরিচয় প্রকাশ না পাওয়াই এর উদ্দেশ্য।
অন্যদিকে, আইনটির বিরোধীরা বলছেন, হিজাব বা পাগড়ি পরা কোনো ব্যক্তির পেশাগত দক্ষতা কিংবা দায়িত্ব পালনের সক্ষমতা কমিয়ে দেয় না। তাদের মতে, একজন সরকারি কর্মচারীর যোগ্যতা ও কর্মদক্ষতাই চাকরির প্রধান বিবেচনা হওয়া উচিত। বিশেষ করে হিজাব পরা মুসলিম নারীরা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
রায়ের পর কুইবেকের প্রিমিয়ার পল সেন্ট-পিয়ের প্লামন্ডন একে প্রদেশের ধর্মনিরপেক্ষতার বিজয় হিসেবে অভিহিত করেছেন।
অন্যদিকে, ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ আইনটিকে বৈষম্যমূলক বলে সমালোচনা করেছেন। তার মতে, আইনটি নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ সংবিধানের ৩৩ নম্বর ধারাকে কানাডার সাংবিধানিক ব্যবস্থার বৈধ অংশ হিসেবে উল্লেখ করে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, সুপ্রিম কোর্টের স্বাধীনতা ও সিদ্ধান্তকে সম্মান করা আমাদের দায়িত্ব। তবে নাগরিক অধিকার ও স্বাধীনতার সনদের পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের এই রায় শুধু কুইবেকের বিল ২১ বহাল রাখার সিদ্ধান্ত নয়; এর প্রভাব কানাডার অন্যান্য প্রদেশেও পড়তে পারে। ভবিষ্যতে কোনো প্রাদেশিক সরকার সংবিধানের ৩৩ নম্বর ধারা ব্যবহার করে বিতর্কিত আইন প্রণয়ন বা কার্যকর করতে চাইলে এই রায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে।
কুইবেক সরকার আইনি জয় পেলেও ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বিতর্ক থামছে না। আইনটির বিরোধীরা জানিয়েছেন, রাজনৈতিক উদ্যোগ, জনমত গঠন ও অধিকারভিত্তিক আন্দোলনের মাধ্যমে নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে তাঁদের লড়াই অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, কানাডার বহুসাংস্কৃতিক সমাজে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস ও রাষ্ট্রীয় নীতির ভারসাম্য নিয়ে এই রায় নতুন করে গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে।



