আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

এআই কাজ চুরি করে নেবে, এ আশঙ্কায় দলে দলে ইনস্টাগ্রাম ও ফেসবুক ছাড়ছেন শিল্পীরা

যুক্তরাজ্যের জলরঙ শিল্পী ম্যাটি বার্নহ্যাম, ২০২৪ সালে তিনি পিন্টারেস্টে এমন একটি অ্যাকাউন্টের সন্ধান পান যেখানে তার জলরঙের কাজের এআই সংস্করণ তৈরি করে শপিফাই, ফেসবুক ও ইনস্টাগ্রামের ভুয়া প্রোফাইলের মাধ্যমে সেগুলো বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল।

বার্নহ্যাম পিন্টারেস্ট অ্যাকাউন্টটির অবস্থান শনাক্ত করতে পেরেছিলেন। ভিয়েতনামের হো চি মিন সিটি। কিন্তু এর পেছনে কারা ছিল, তা তিনি জানেন না।

এআই দিয়ে তৈরি শিল্পকর্ম যে মূল শিল্পীদের কাছ থেকে ব্যবসা কেড়ে নিচ্ছে, এটি তারই একটি অংশ।মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ও ফেসবুকে এর দৌরাত্ম্য প্রকট।

বার্নহ্যাম বলেন, ‘এআই দিয়ে তৈরি শিল্পকর্মের প্রোফাইলগুলো ফেসবুক থেকে আয় করছে। এদের লাখ লাখ অনুসারী রয়েছে, যারা মনে করে এই ভুয়া প্রোফাইলগুলোই আসল শিল্পীর। এরপর তারা ব্যবহারকারীদের নানা ওয়েবসাইটে নিয়ে যায়, যেখানে বিজ্ঞাপন রয়েছে।’

এই সমস্যা অনেক স্বতন্ত্র শিল্পীকে ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেটার অন্যান্য প্ল্যাটফর্ম থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য করেছে। বিশেষ করে এই প্ল্যাটফর্মগুলোর সেবার শর্তাবলিতে প্রস্তাবিত হালনাগাদগুলোর কারণে। কেউ কেউ মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, পোস্ট দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখছেন কিংবা প্যাট্রন বা সাবস্ট্যাকের মতো অন্যান্য অনলাইন ক্রিয়েটর কমিউনিটির দিকে ঝুঁকছেন।

সোসাইটি অব ইলাস্ট্রেটর্সের বোর্ড সদস্য টিম ও’ব্রায়েন বলেন, তিনি বিশ্বাস করেন শিল্পীদের অর্থবহ সম্মতি, ন্যায্য পারিশ্রমিক এবং তাদের কাজের অননুমোদিত অপব্যবহারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সহজলভ্য উপায় পাওয়া উচিত।

ও’ব্রায়েন বলেন, ‘অনেক শিল্পীর কাছে এটি কেবল একটি আইনি বিরোধ নয়। এটি জীবিকা, সৃজনশীল মালিকানা, সম্মতি এবং মৌলিক ন্যায্যতার প্রশ্ন।’

মেটার হালনাগাদকৃত শর্তাবলিতে এখনো এমন সুযোগ থাকছে, যার মাধ্যমে স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবসায়িক অ্যাকাউন্টের মালিকদের অনুমতি ছাড়াই বাইরের ওয়েবসাইট স্ক্র্যাপ করে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারবে। এর মধ্যে ব্যক্তিগত পোর্টফোলিও, অনলাইন স্টোর এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের ব্যবসায়িক অ্যাকাউন্টের লিংকগুলোও অন্তর্ভুক্ত।

শর্তাবলিগুলো মূলত ৩০ অক্টোবর কার্যকর হওয়ার কথা ছিল, পরে তা পিছিয়ে ২০ নভেম্বর করা হয়। তবে ৫ নভেম্বর প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, এই হালনাগাদগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

মেটার এক মুখপাত্র বলেন, ‘সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে এবং বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করতে আমরা সময় নিচ্ছি। তাই পরিবর্তনগুলো আমরা আপাতত স্থগিত রাখছি। এর মধ্যে আমাদের বিদ্যমান শর্তাবলিই কার্যকর থাকবে।’

তারপরও সর্বশেষ এই বিলম্ব সত্ত্বেও প্রস্তাবিত হালনাগাদগুলো ইতোমধ্যে শিল্পীদের আরেকটি বড় অংশকে মেটা ছাড়তে বাধ্য করেছে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ম্যাডিসনে অবস্থিত ‘ডাচার ফটোগ্রাফি’র সহমালিক সামান্থা ওয়ালড্রন সিএনএনকে জানান, এই মাসের শুরুতেই তিনি তার সব ব্যবসায়িক ও ব্যক্তিগত ফেসবুক পেজ মুছে ফেলেছেন। এরপর থেকে তিনি তার ইনস্টাগ্রামের ব্যবসায়িক অ্যাকাউন্টগুলোকে ব্যক্তিগত অ্যাকাউন্টে রূপান্তর করেছেন, অধিকাংশ পোস্ট ডিলিট করেছেন এবং মেটা অ্যাকাউন্টের বায়ো থেকে বাইরের সব ওয়েবসাইটের লিংক সরিয়ে নিয়েছেন।

ওয়ালড্রন বলেন, ‘এটি ছিল ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়া শেষ আঘাত, যা দীর্ঘদিন ধরেই জমে উঠছিল। সামনের দিকে এগোতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকার দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পেরে আমি স্বস্তি বোধ করছি।’

শিল্পীরা জানান, হালনাগাদকৃত শর্তাবলির আওতায় জেনারেটিভ এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য স্বতন্ত্র শিল্পীদের ছবি, শৈলী ও মালিকানাধীন কাজ তাদের অগোচরেই সংগ্রহ করা যেত। ওই এআই মডেলগুলো এরপর মানুষের তৈরি শিল্পকর্মের হুবহু নকল তৈরি করতে বা সেগুলোর জায়গা নিতে পারত—যা ওইসব প্ল্যাটফর্মে শিল্পীদের ব্যবসায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব ফেলত।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায় অবস্থিত ‘কাউগার্ল আর্টিস্টস অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা মেগান উইম্বার্লি তার সব মেটা অ্যাকাউন্ট মুছে ফেলার প্রক্রিয়ায় রয়েছেন। তিনি জানান, এই নতুন শর্তাবলিকে তিনি আস্থার এক বড় ধরনের লঙ্ঘন বলে মনে করেন। উইম্বারলির মতে, সম্ভাব্য এআই স্ক্র্যাপিংয়ের ঝুঁকির কারণে কেবল শিল্পী নয়, বরং সবারই নিজেদের ব্যক্তিগত ছবি, ভিডিও ও অডিও পোস্ট করার বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।

উইম্বার্লি বলেন, ‘আমি আসলে মেটাকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি, যারা এআইয়ের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, আর তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো এখন আর সত্যিকার অর্থে সামাজিক যোগাযোগমাধ্যমের জায়গায় নেই। বরং সেগুলো হয়ে উঠেছে নিজেদের এআইকে প্রশিক্ষণ দেওয়ার বিনামূল্যের লাইসেন্সের মাধ্যম। আপনি যদি একজন মা হন এবং নিজের সন্তানদের ছবি পোস্ট করেন, তবে আপনি সম্ভাব্যভাবে মেটাকে নিজের সন্তানদের ব্যবহার করে তাদের এআই প্রশিক্ষণ দেওয়ার লাইসেন্স দিচ্ছেন।’

মেটার হালনাগাদকৃত শর্তাবলি প্রাথমিকভাবে যে সময়ে কার্যকর হওয়ার কথা ছিল, সেই ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত কেউ কেউ মেটার প্ল্যাটফর্মগুলোতে ‘নিষ্ক্রিয় থাকা’ বা পোস্ট না করার পথ বেছে নেন। প্রস্তাবিত শর্তাবলির প্রতিবাদে তারা কোনো কনটেন্ট পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকেন। উইম্বার্লি জানান, তিনি ২২ অক্টোবর ‘মেটা ব্ল্যাকআউট’ প্রচারণা শুরু করেছিলেন এবং সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে।

দ্য গিল্ড অব আর্টিস্টস অ্যান্ড আর্টিসানসের আর্টিস্টস রিলেশনস ডিরেক্টর নিকোল ম্যাককে জানান, এআই মডেল প্রশিক্ষণসংক্রান্ত আসন্ন নীতি পরিবর্তনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অনেক শিল্পী মেটার প্ল্যাটফর্মগুলো থেকে নিজেদের অ্যাকাউন্ট সরিয়ে নিতে শুরু করেছেন। মেটার রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে অনেক শিল্পী ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘বিদায়’ বার্তা পোস্ট করেছেন।

ম্যাককে বলেন, ‘যেসব শিল্পী নিজেদের কাজ প্রদর্শন ও বিক্রি করতে, গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে এবং ব্যবসা গড়ে তুলতে এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভর করেন, তাদের জন্য মেটা ছেড়ে যাওয়া মানে নিজেদের কাজ রক্ষা করা এবং জীবিকা টিকিয়ে রাখার মধ্যে এক কঠিন বেছে নেওয়ার লড়াই।’ এআই দিয়ে তৈরি শিল্পকর্ম অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলছে বলে জানিয়েছেন শিল্পীরা। অনলাইনে নকলকারীদের দৌরাত্ম্যের কারণে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছানোর কৌশল বদলাতে বাধ্য হচ্ছেন তারা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টারের সমকালীন শিল্পী অ্যান্ড্রু স্কট জানান, তার কাজ নকল করার বিষয়ে তিনি সেপ্টেম্বরে এক এআই আর্ট ছদ্মবেশধারীকে সরাসরি বার্তা পাঠিয়েছিলেন।

তার মতে, ওই ব্যক্তি স্বীকার করেছেন, নিজের এআই-নির্মিত আর্ট ভিডিও তৈরির সূচনাবিন্দু হিসেবে তিনি স্কটের মৌলিক কাজ ব্যবহার করেছিলেন। ছদ্মবেশী প্রোফাইলটির পেছনে থাকা ওই নারী এরপর ইনস্টাগ্রামে এআই ক্লিপগুলো শেয়ার করেন, যা থেকে এমন ধারণার জন্ম হয় যে আসল শিল্পকর্মটি তিনিই তৈরি করেছেন। স্কট উল্লেখ করেন, এআই শিল্পকর্মসংবলিত তার একটি পোস্ট ৫ কোটি ভিউ পেয়েছে।

স্কট জানান, এই এআই সংস্করণগুলো কীভাবে তার ব্যবসার ক্ষতি করতে পারে, তা তিনি ছদ্মবেশধারীকে বুঝিয়ে বলেছিলেন। এরপর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্কটকে আনফলো করলেও এআই প্রম্পট দিয়ে নকল কাজ তৈরি করেই চলেছেন বলে জানান স্কট।

কানাডার মৃৎশিল্পী ন্যান্সি চেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও পোস্ট করেন, যেখানে বিক্রির জন্য তৈরি পণ্য তিনি কীভাবে বানান, তা দেখানো হয়। তবে তিনি বোঝেন যে ওই ক্লিপগুলোও এআই মডেল প্রশিক্ষণের ঝুঁকিতে থাকতে পারে। চেন বলেন, সাম্প্রতিক সময়ে মেটার প্ল্যাটফর্মগুলোতে নিজের কাজের নিখুঁত ও পরিচ্ছন্ন ছবি পোস্ট করার বিষয়ে তিনি সতর্ক রয়েছেন, যদিও এখনো প্ল্যাটফর্ম ছাড়ার সিদ্ধান্ত নেননি।

চেন বলেন, ‘স্বচ্ছতা যখন অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন স্বতন্ত্র শিল্পীরা কীভাবে নিজেদের কাজ বিশ্বের সামনে তুলে ধরবেন, তা ভেবে আমি অবাক হই। এআই যেকোনো একক শিল্পীর চেয়ে অনেক দ্রুত এগিয়ে যেতে পারে। তাই দামের দিক থেকে প্রতিযোগিতায় টিকে থাকার এক ধরনের চাপ আমি অবশ্যই অনুভব করি, যদিও আমার মনে হয় আমার পরিশ্রমের মূল্য ইতোমধ্যেই কম দেওয়া হচ্ছে।’

শিল্পীদের প্রধান উদ্বেগের জায়গাগুলোর একটি হলো এআই যে বিশাল পরিসরে কনটেন্ট ছড়িয়ে দিতে পারে যা অনেক সময়সাপেক্ষ হতে পারে। জেনারেটিভ এআইকে কীভাবে শিল্পকর্ম দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় (সাধারণত শিল্পীদের মতামত ছাড়াই) এবং এআইয়ের ক্ষেত্রে কীভাবে কপিরাইট আইন প্রযোজ্য হয়, সেসব প্রশ্ন এই উদ্বেগকে আরও ঘনীভূত করে তুলেছে।

আমেরিকান ইনস্টিটিউট অব গ্রাফিক আর্টসের বোর্ড সদস্য আইজায়া স্টেইনফেল্ড—যিনি নিজেও এআই দিয়ে কাজ করেন—বলেন, শিল্পীদের সুরক্ষা দেওয়া এবং এই প্রযুক্তিকে গ্রহণ করা পরস্পরবিরোধী অবস্থান হওয়ার প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, শিল্পীরা এখনো তাদের কাজের কপিরাইট নিবন্ধন করতে পারেন, স্বত্ব লঙ্ঘনের দাবি নিয়ে এগোতে পারেন এবং অননুমোদিত অনুলিপি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারেন।

উদাহরণস্বরূপ, মেটা জানিয়েছে শিল্পীরা তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিপোর্টিং সেন্টারের মাধ্যমে এআই ছদ্মবেশধারীদের বিষয়ে অভিযোগ জানাতে এবং অননুমোদিত কনটেন্ট সরিয়ে নেওয়ার অনুরোধ পাঠাতে পারেন।

স্টেইনফেল্ড বলেন, ‘তাই উৎসের স্বীকৃতি বা প্রমাণের বিষয়টি উভয় দিক থেকেই কার্যকর হতে হবে—শিল্পীদের কাজ আত্মসাৎ হওয়া থেকে যেমন রক্ষা করতে হবে, তেমনি যারা নতুন (এআই) টুল ব্যবহার করছেন, তাদের প্রকৃত অবদানও যেন মুছে না যায়, তা নিশ্চিত করতে হবে।’

গুগল চলতি মাসে সাধারণ মানুষের জন্য ‘সিন্থআইডি ডিটেক্টর’ নামে একটি অনলাইন টুল উন্মুক্ত করেছে। বিনা মূল্যে ব্যবহারযোগ্য এই সাইটে যে কেউ কোনো ফাইল আপলোড করে যাচাই করতে পারবেন যে ওই ছবি, ভিডিও বা অডিও ফাইলটি গুগল কিংবা ওপেনএআই, এনভিডিয়া ও কাকাওয়ের মতো অংশীদার প্রতিষ্ঠানগুলোর এআই দিয়ে তৈরি কি না।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আদৌ কোনো কনটেন্ট শেয়ার করবেন কি না, তা নিয়ে এখনো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।

বার্নহাম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না যে শিল্পীদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাজ্য সরকার শিল্পীদের সুরক্ষা দেওয়ার চেয়ে লাভজনক স্টার্টআপ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সীমাবদ্ধ না রাখার বিষয়েই বেশি উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। আমার আশা, সাধারণ মানুষ বর্তমান মডেলের এই জেনারেটিভ এআইকে প্রত্যাখ্যান করা অব্যাহত রাখবে।’

যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘সরকার সৃজনশীল শিল্পী, সংশ্লিষ্ট খাতের সংস্থা এবং এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাপকভাবে আলোচনা চালিয়েছে এবং এ বিষয়ে সঠিক পথ খুঁজে বের করা নিশ্চিত করতে আমরা সময় নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আমাদের সৃজনশীল শিল্প এবং এআই খাতের জন্য কার্যকর নয়—এমন কোনো পদক্ষেপ নিয়ে আমরা এগোব না।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension