
১০ লাখ ডলারের লটারি জয়ের কয়েক দিনের মাথায় ICE-এর হাতে গ্রেপ্তার
ম্যাসাচুসেটসে এল সালভাদরের নাগরিক আটক; ২০১৪ সালে বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন অভিবাসন আদালত
শাহ্ জে. চৌধুরী :
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ১০ লাখ ডলারের লটারি জয়ের আনন্দ বেশিদিন স্থায়ী হলো না এক অভিবাসীর। পুরস্কার জয়ের খবর প্রকাশের কয়েক দিনের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE)। গ্রেপ্তার ব্যক্তির নাম অ্যারিয়েল আন্তোনিও ভেলাসকেজ-মোরালেস। তিনি এল সালভাদরের নাগরিক এবং বোস্টনের ইস্ট বোস্টন এলাকায় বসবাস করতেন।
NBC News-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে ম্যাসাচুসেটস স্টেট লটারির একটি স্ক্র্যাচ টিকিটে ১০ লাখ ডলারের পুরস্কার জেতেন ভেলাসকেজ-মোরালেস। ‘$2,000,000 50X Cashword’ নামের গেমটির টিকিটটি তিনি ইস্ট বোস্টনের সামনার মার্কেট থেকে ১০ ডলারে কিনেছিলেন।
লটারির পুরস্কার ঘোষণার পর তিনি এককালীন অর্থ গ্রহণের সিদ্ধান্ত নেন। এতে কর কাটার আগে তাঁর হাতে পাওয়ার কথা ছিল ৬ লাখ ৫০ হাজার ডলার। পুরস্কারের অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করার পরিকল্পনাও জানিয়েছিলেন তিনি। বিজয়ী টিকিট বিক্রি করায় সংশ্লিষ্ট দোকানটি ১০ হাজার ডলার বোনাস পাওয়ার কথা।
কিন্তু ২৪ নভেম্বর মঙ্গলবার ইস্ট বোস্টনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ICE কর্মকর্তারা। সংস্থাটির দাবি, ভেলাসকেজ-মোরালেস ২০১৩ সালের ১৫ মে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৪ এপ্রিল একজন অভিবাসন বিচারক তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
ICE জানিয়েছে, বহিষ্কার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে তাদের হেফাজতে রাখা হবে। তাঁর পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিবাসন আইন নিয়ে নতুন আলোচনা
ঘটনাটি যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে লটারির পুরস্কার বিজয়ীদের পরিচয় প্রকাশ, অভিবাসন কর্তৃপক্ষের নজরদারি এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লটারিতে অংশগ্রহণ এবং পুরস্কার দাবি করার ক্ষেত্রে সব সময় মার্কিন নাগরিকত্ব থাকা বাধ্যতামূলক নয়। তবে লটারির অর্থ গ্রহণের ক্ষেত্রে পরিচয় যাচাই, করসংক্রান্ত শর্ত এবং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম অনুসরণ করতে হয়।
একটি বড় অঙ্কের লটারি জয় যেমন তাঁর জীবনে আর্থিক স্বচ্ছলতার সম্ভাবনা তৈরি করেছিল, তেমনি পুরোনো অভিবাসন আদেশের কারণে সেই আনন্দের পরপরই তাঁকে আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে।



