ভারত

কলকাতায় মমতার দলীয় কার্যালয় সিল, সংকটে তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম

পশ্চিমবঙ্গের কলকাতায় তৃণমূল কংগ্রেসের একটি নির্মীয়মাণ ভবন সিল করে দিয়েছে পুলিশ। শহরের তোপসিয়ায় অবস্থিত দলটির পুরোনো কার্যালয়সংলগ্ন ভবনটির সামনে বসানো হয়েছে ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড ও গার্ডরেল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে শুধু নির্মাণকাজ চালানো যাবে; কোনো রাজনৈতিক সভা বা সাংগঠনিক কার্যক্রম করা যাবে না।

প্রশাসনের এ পদক্ষেপকে ‘ষড়যন্ত্র’ ও রাজনৈতিক দমন-পীড়ন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী তৃণমূল নেতারা। তাদের দাবি, দলীয় কার্যালয় কার্যত নিয়ন্ত্রণে নিয়ে সাংগঠনিক কার্যক্রম বন্ধের চেষ্টা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩৬জি তোপসিয়া রোডের পুরোনো তৃণমূল ভবনটি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতারা ব্যবহার করতেন। পরে ভবনটির একাংশে ছয়তলা নতুন ভবন নির্মাণ শুরু হয়। কয়েক দিন ধরে ওই নির্মীয়মাণ ভবনেই দলীয় বৈঠক হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বৈঠকের ছবি প্রকাশ করা হয়।

বিষয়টি কলকাতা পুরসভার নজরে এলে তারা আনন্দপুর থানায় অভিযোগ জানায়। এরপর বৃহস্পতিবার মধ্যরাত থেকে তৎপর হয় পুলিশ। শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে গিয়ে ভবনটি সিল করে দেন। ভবনের সামনের সড়কেও বসানো হয় গার্ডরেল।

বর্তমানে ভবনটিতে দুজন নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক ছাড়া তৃণমূলের কোনো নেতা-কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি সেখানে একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা বাতিল হয়।

মেট্রোপলিটনের কার্যালয় নিয়েও বিরোধ
তপসিয়ার কার্যালয়ে নির্মাণকাজ শুরু হওয়ার পর মেট্রোপলিটনে নতুন রাজ্য দপ্তর নেয় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর তৃণমূল তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। বেশির ভাগ বিধায়কের সমর্থন থাকায় মেট্রোপলিটনের কার্যালয়টি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নিয়ন্ত্রণে যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী ‘কালীঘাট শিবিরের’ নেতারা সাংগঠনিক কাজের জন্য তোপসিয়ার পুরোনো ও নির্মীয়মাণ ভবনটি ব্যবহার করছিলেন।

পুলিশের অভিযানের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়সহ কয়েকজন শীর্ষ নেতা। তারা দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

তৃণমূলের সংসদ সদস্য দোলা সেন বলেন, ‘রাতে পুলিশ প্রায় ভবনটি দখল করে নিচ্ছিল। ৩০ বছর ধরে ওই জায়গা আমাদের দলের সম্পত্তি এবং আমাদের কাছে সব বৈধ নথি রয়েছে। ষড়যন্ত্র করে ভবনটি সিল করে দেওয়া হয়েছে।’

পুরসভার আইন ও তৃণমূলের অভিযোগ
কলকাতা পুলিশ সূত্রের দাবি, ছয়তলা নির্মীয়মাণ ভবনটির কাজ এখনো শেষ হয়নি। বসবাস বা ব্যবহারের জন্য কলকাতা পুরসভার প্রয়োজনীয় ‘কমপ্লিশন সার্টিফিকেট’ (সিসি) পাওয়া যায়নি। পুরসভার আইন অনুযায়ী, এই সনদ ছাড়া নির্মীয়মাণ ভবন ব্যবহার করা বেআইনি। দুর্ঘটনা এড়ানো ও নিরাপত্তার স্বার্থেই পুরসভার অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের দাবি।

তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী তৃণমূল নেতারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়েছেন। একদিকে মেট্রোপলিটনের কার্যালয় তাদের নিয়ন্ত্রণে নেই, অন্যদিকে তোপসিয়ার ভবনও সিল করে দেওয়া হয়েছে। ফলে কলকাতায় দলীয় কার্যক্রম পরিচালনা নিয়ে সংকটে পড়েছে কালীঘাট শিবির।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension