
সালাহউদ্দিন আহমদ: ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হেফাজতে ইসলামের আয়োজনে ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল সভায় তিনি এই উদ্বেগের কথা জানান।
সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন নিয়ে বিএনপিও উদ্বিগ্ন। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, গাজা, ফিলিস্তিন বা আরাকানের মতো বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর যে নির্মম নির্যাতন চলছে, সেখানে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যকর কোনো ভূমিকা আমরা দেখি না।
তিনি বলেন, দেশের জনগণের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতামত ছাড়াই সরকার জাতিসংঘের সঙ্গে একটি চুক্তি করেছে, যা ন্যায়সঙ্গত নয়। একটি অন্তর্বর্তী সরকার এমন নীতিগত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক বা নৈতিক অধিকার রাখে না। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনার প্রয়োজন ছিল।
এই সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামের মতো সংবেদনশীল বিষয়েও প্রভাব ফেলতে পারে মন্তব্য করে তিনি বলেন, মানবাধিকারের অজুহাতে যদি দেশের অখণ্ডতা প্রশ্নের মুখে পড়ে, সেটিও আমাদের গভীরভাবে বিবেচনায় নেওয়া দরকার।
সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। এতে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাহফুজুল হক, মহিউদ্দিন রাব্বানী, যুগ্ম-মহাসচিব মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি, সহকারী মহাসচিব মুসা বিন ইজহারসহ হেফাজতে ইসলামের নেতারা।



