
নৈতিক স্খলনের অভিযোগে সারোয়ার তুষার এবং জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও কমিশন বাণিজ্যের অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৩ আগস্ট) রাতে অনুষ্ঠিত এনসিপির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া দলটির বিভিন্ন স্তরের তিন নেতা খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘দলে অন্যান্য এজেন্ডার মধ্যে শৃঙ্খলা কমিটির বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় কারণ দর্শানোর ব্যক্তিগত চিঠি অনলাইনে প্রকাশ করারও সমালোচনা হয়। আর প্রথমদিকে শোকজ করা গাজী সালাউদ্দিন তানভীর ও সারোয়ার তুষারের বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে দলের শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিন খবরের কাগজকে বলেন, ‘দলের সভায় শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’
দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারকে গত ১৭ জুন নৈতিক স্খলনের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নীলা ইসরাফিল নামে এক নারীর সঙ্গে তার কথোপকথনটি অনলাইনে ভাইরাল হয়। যার প্রেক্ষিতে ৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয় সারোয়ার তুষারকে। তবে এ বিষয়ে পরে কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। তাই বিষয়টি এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে দলের সভায়।
অপরদিকে দলের যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিনকে ২১ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ উঠে। দলের সব কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দিয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয় কারণ দর্শানোর নোটিশে। তার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এতদিন।
এনসিপি নেতারা খবরের কাগজকে জানান, সভায় প্রথমে জুলাই পদযাত্রা নিয়ে আলোচনা করা হয়। মূল্যায়ন করা হয় নেতা-কর্মীদের অংশগ্রহণ এবং কোথায় কোথায় ঘাটতি ছিল সেসব। নতুন বন্দোবস্তের জন্য কর্মসূচি নির্ধারণ, সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে অসন্তোষ নিয়েও আলোচনা করা হয়। সর্বশেষ জুলাই সনদ নিয়ে ব্যাপক মতামত আসে নেতাদের কাছ থেকে। রাত ৪টা পর্যন্ত চলে এই সভা। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আবার সভা শুরু হবে।



