
রূপসী বাংলা ডেস্ক: মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর জামায়াতে ইসলামী। ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের মাধ্যমে তারা এটাকে বিকৃত করছে। ধর্মের দোহাই দিয়ে একাত্তরে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। গনিমতের মাল বলে নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে তারা।
শুক্রবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও প্রধান কার্যালয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশে ইসলাম প্রচার প্রসারে সবচেয়ে বেশি কাজ করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে জায়গা বরাদ্দ করেছেন। হজযাত্রীদের জন্য ‘হিযবুল জাহাজ’ কিনেছেন। জাতির পিতা মদ, জুয়া ও হাউজি নিষিদ্ধ করেছেন। রেসকোর্স ময়দানে ঘৌড়দৌড় নিষিদ্ধ করেছেন।
তিনি বলেন, মানুষের নৈতিক অধঃপতন সমাজের সবচেয়ে বড় সমস্যা। দিন দিন মানুষের নৈতিকতা, সততা ও মূল্যবোধ কমে যাচ্ছে। অন্যের সম্পত্তি দখল, লুট, খাদ্যে ভেজাল, ঘুষ-দুর্নীতি ইত্যাদি ব্যধিতে পরিণত হয়েছে। মানুষের নৈতিকতা, সততা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে পারে ইমাম ও আলেম সমাজ। তিনি ইমাম ও আলেম সমাজকে মহৎ এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বেগম জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থ্যতা ও নিরাপত্তা বিবেচনা করে কারাগারের পাশে আদালত স্থাপন করা হয়েছে। এজন্য বিএনপি সংবিধান লংঘনের অভিযোগ করছে।
‘জিয়াউর রহমান যখন কারাগারের ভিতরে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছে তখন কি সংবিধান লংঘিত হয়নি? বিএনপি’র প্রতি পাল্টা প্রশ্ন করেন হানিফ।
তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দোষী হয়ে কারাগারে আছেন। যদি নিজেকে নির্দোষ ভাবেন তাহলে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করে কারাগার থেকে আসুন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ইসলামকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখলের যে বিকৃত দর্শন বাংলাদেশে জামাত, মিসরে ব্রাদারহুড ও ভারতে জাকির নায়েক চালু করেছে তার সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক নেই।
সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনর সিরাজ উদ্দিন আহমেদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন প্রেস ব্যবস্থাপক বোরহান উদ্দিন মো. আবু আহসান ও পরিকল্পনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিক উল ইসলাম প্রমুখ।



