বাংলাদেশ

হাতিরঝিলে বর্ণিল আলোক উৎসব

রূপসী বাংলা ডেস্ক: দেশের বিদ্যুৎ খাত ২০ হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। এই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে আজ বৃহস্পতিবার বর্ণিল আলোক উৎসবের আয়োজন করা হয়েছে। হাতিরঝিলসহ রাজধানীর তিন জায়গায় এই উৎসব হবে।

সরকারের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব এটিএম মোস্তফা কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, হাতিরঝিল, সদরঘাট ও বসুন্ধরা কনভেনশন এলাকায় এই আলোক উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় আতশবাজি পুড়িয়ে একযোগ এই উদযাপন করা হবে।

বিদ্যুৎ খাতের রেকর্ড উৎপাদনে দুই বছর আগে এ ধরনের আলোক উৎসব করা হয়েছিল। ওই সময় জানানো হয়, দেশের বিদ্যুৎখাত ১৫ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার মাইলফলক স্পর্শ করেছে। সরকারের তথ্য অনুযায়ী, দেশে এখন গড়ে প্রায় ১০ থেকে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উদযাপন করব। বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করছি। ভবিষ্যতে আমাদের প্রচুর ইঞ্জিনিয়ার লাগবে। তারা যাতে কাজ করতে উৎসাহিত হয়। বিদেশে না গিয়ে বাংলাদেশে থেকে কাজ করে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের সময় বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার ৯৪২ মেগাওয়াট যা বর্তমানে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। মাত্র ১০ বছরে এই অগ্রগতি নিঃসন্দেহে একটি বিরল অর্জন।

এদিকে আজ থেকে শুরু হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮। ‘অনির্বাণ আগামী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আজ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নেয়া হয়েছে নানা কর্মসূচি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension