
৬ লাখ ডলারের SNAP জালিয়াতি, ভারতে গ্রেপ্তার অভিযুক্ত যুক্তরাষ্ট্রে
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন মানজিৎ সিং বেদি
শাহ্ জে. চৌধুরী : যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা কর্মসূচি SNAP-এ ৬ লাখ ডলারের জালিয়াতির অভিযোগে অভিযুক্ত মানজিৎ সিং বেদিকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড প্রতারক তালিকায় থাকা বেদিকে গত সেপ্টেম্বরে ভারতে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ অনুযায়ী, ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমায় একটি মুদি দোকান পরিচালনার সময় তিনি SNAP সুবিধাভোগীদের EBT কার্ডের মাধ্যমে খাদ্য কেনাকাটার পরিবর্তে নগদ অর্থ দিতেন এবং লেনদেনের অর্থের একটি অংশ নিজের কাছে রাখতেন। এতে অন্তত ৬ লাখ ডলারের জালিয়াতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় বেদির বিরুদ্ধে তারের মাধ্যমে প্রতারণা (ওয়্যার ফ্রড) ও SNAP কর্মসূচি-সংক্রান্ত জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।



